মাতৃভূমি থেকে অনেক দুরে স্বাধীনতা দিবস পালন
দেশ থেকে দুরে হলেও কাঠমুণ্ডুতে অবস্থানরত বাংলাদেশীদের কাছে স্বাধীনতা দিবস একই গুরুত্ব নিয়ে হাজির হয়। আন্তরিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারাও পালন করেন দিবসটি। হৃদয়ে তাদের সারাক্ষণ জেগে রয়েছে প্রিয় মাতৃভূমি ।
কাঠমুণ্ডু, মার্চ ২৭ (বিডিনিউজ)- হিমালয়ের পাদদেশে কাঠমুণ্ডুর মহারাজাগঞ্জ এলাকার কূটনীতিক জোনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশীরা ছুটে আসেন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করতে। জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে তারা।
বাংলাদেশ দূতাবাসে রাষ্টদূত হুমায়ুন কবির পতাকা উত্তোলন করে ৭১’র ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে স্মরণ করলেন।
শহীদদের আত্মার মাগফেরাত এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখাতে বাংলাদেশীরা এক মিনিট নীরবতা পালন করেন।
স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।
রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, জাতীয় দিবসে আমরা সকল বাংলাদেশীকে ধন্যবাদ জানাই। যে সকল নেপালী বন্ধু আমাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই।
অনেক নেপালী নাগরিকও বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দূতাবাস প্রাঙ্গনে।
নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক সাইফুর রহমানও এসেছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। তিনি বলেন, লাখ লাখ শহীদের আত্মত্যাগ আমরা কিভাবে ভুলি? যদিও আমরা দেশ থেকে অনেক দুরে অবস্থান করছি তারপরও বাংলাদেশ সবসময়ই রয়েছে আমাদের হৃদয়ে। এ ধরনের অনুষ্ঠান হলেই আমরা যোগ দেই।
অন্যান্য বাংলাদেশীদের মত সাইফুরও স্ত্রী সন্তানদের নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। নেপালী রাজার দপ্তরের একটি প্রতিনিধি দলও বাংলাদেশীদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
দূতাবাসের কনসুলার এম আবুল হোসেন জানান, প্রায় ৩০০ বাংলাদেশী পরিবার কাঠমুণ্ডুতে অবস্থান করছে। প্রায় সবগুলি পরিবারই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসেছিলেন।
দূতাবাসের পক্ষ থেকে সন্ধ্যায় হোটেল হায়াত রিজেন্সিতে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় রাজার প্রতিনিধি, মন্ত্রী, রানীতিবিদ এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন।
