২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার বিষয়ে সাবের হোসেনের বক্তব্য অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত:মির্জা আব্বাস

নবনির্মিত খিলগাঁও ফ্লাইওভার সম্পর্কে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বক্তব্যকে অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ফ্লাইওভারের নকশা পরিবর্তন বিষয়ে সাবের হোসেনের অভিযোগ সম্পর্কে  পূর্তমন্ত্রী বলেন, বাতিল করা লুপটি মূল নকশাতেই ছিলনা।

খিলগাঁও ফ্লাইওভার সম্পর্কে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী সাবের হোসেনের বক্তব্যের প্রতিবাদে রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পূর্তমন্ত্রী মির্জা আব্বাস।

এর আগে প্রয়োজনীয় একটি লুপ বাদ দেয়া, ফ্লাইওভারের প্রসস্ততা ১৫ মিটার থেকে কমিয়ে ১৪ মিটার করা, এর মাধ্যমে যানজটের ঝুঁকি বাড়ানো এবং নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেন সাবের হোসেন চৌধুরী।

সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, আশপাশের মানুষ যেন টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ সমস্যায় না ভোগে, সে জন্যে টিএন্ডটি, ডেসা, ওয়াসার সমন্বয় সাধন এবং পার্শ্ববর্তী স্থাপনা অপসারণ ও প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের কারণে ফ্লাইওভার নির্মাণে অতিরিক্ত সময় লেগেছে।

লুপ বাদ দেয়ার বিষয়ে তিনি বলেন, এই অংশে ল্যান্ডিং দিতে হলে কমপক্ষে একশ ফুট চওড়া এবং এক হাজার ফুট দীর্ঘ এলাকার জমি অধিগ্রহণ করে সেখান থেকে মানুষকে উচ্ছেদ করতে সামাজিক ও আইনগত সমস্যা সৃষ্টি হতো। এসব বিষয় বিবেচনা করে চূড়ান্ত নকশায় তা অর্ন্তভূক্ত করা হয়নি।  

ফ্লাইওভার নির্মাণকে বর্তমান বিএনপি সরকারের অবদান হিসেবে আখ্যা দিয়ে মির্জা আব্বাস তিনি সাবের হোসেন চৌধুরীর ‘অসত্য এবং বিভ্রান্তিমূলক’ বক্তব্যে কান না দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান।

এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।