২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস
৭১ এর ২৮ মার্চ বাঁশের লাঠি আর তীর ধনুক হাতে নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট হামলা করে ইতিহাস হয়ে রয়েছেন রংপুরের মুক্তিযোদ্ধারা। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতাকামী মানুষের জন্য এ এক দলিল। সেদিনের আক্রমণে যদি ক্যান্টনমেন্ট দখল করা সম্ভব হত তাহলে হয়ত বাংলাদেশের ইতিহাস তৈরী হত আলাদাভাবে।
২৫ মার্চ দেশজুড়ে পাকিস্তান সেনাবাহিনী এদেশীয় রাজাকারদের সহযোগীতায় নিরীহ বাঙ্গালীদের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালায় এর বহিঃপ্রকাশ ঘটে ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের মধ্য দিয়ে।
২৫ মার্চের পর রংপুর শহরে পাক সেনা বাহিনীর মহড়া শুরু হয়। ২১ মার্চ এক জনসভায় ক্যান্টনমেন্টে খাদ্য সরবরাহ না করার ঘোষণা দেয়া হয়। ঘোষণানুযায়ি ওইদিন থেকেই খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এদিকে জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা ক্যান্টনমেন্টের বাঙালী অফিসার আর ইপিআর বাহিনীর কিছু সংখ্যক সিপিআই অফিসারের সাথে গোপন যোগাযোগের মাধ্যমে ক্যান্টনমেন্ট দখলের সিদ্ধান্ত নেয়। ২৩ মার্চ সাধারণ জনতার শিকার হলেন আর্মি অফিসার আব্বাসিসহ বেশ কিছু পাকিস্তানি সৈন্য।
ওই দিন আব্বাসিকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় পাকিস্তানি সৈন্যরা আরও মরিয়া হয়ে উঠে। তৈরী করে গণহত্যার নীল নকশা। ২৫ মার্চ মধ্যরাতে নিসবেতগঞ্জ ও দামোদরপুর গ্রামে হত্যাযজ্ঞ চালায়। জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। ৩২ জনকে এক দড়িতে বেঁধে জুমার নামাজের সময় গুলি করে হত্যা করা হয়।
এই ঘটনায় ক্ষোভ আরও বেড়ে যায় এবং ক্যান্টনমেন্ট আক্রমনের সিদ্ধান্তকে উদ্বুদ্ধ করে তোলে। তীর- ধনুক-বল্লম, দা- কুড়াল, বাঁশের লাঠি ইত্যাদি হাতে নিয়ে তীর ছুঁড়তে ছুঁড়তে মুক্তিযোদ্ধারা ক্যান্টনমেন্টে হামলা চালায়।
পাকিস্তানি সেনারাও বাঙালীদের ওপর নির্বিচারে গুলি ছোঁড়ে।
মুহুর্তেই শত শহীদের রক্তে রঞ্জিত হল ঘাঘট নদীর পানি।
এরপর দীর্ঘ সময় পেরিয়ে ১৯৯৯ সালের ১৮ ফেব্র“য়ারি তৎকালীন সেনাবাহিনীর প্রধান মুহাম্মদ লেফট্যানেন্ট জেনারেল মোস্তাফিজুর রহমান ‘রক্ত গৌরব’ নামে স্মৃতিসৌধ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
