ভূমধ্যসাগর ট্রাজেডির শিকার জীবিত বাংলাদেশীদের দেশে ফেরা অনিশ্চিত
ভূমধ্যসাগরে মারা যাওয়া ১১ বাংলাদেশীর লাশ এবং জীবিত আরও ১৬ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আটকে পড়াদের দেশে পাঠানোর খরচ চেয়ে চিঠি দিলেও সংস্থার পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি।
ফেব্র“য়ারি মাসের তৃতীয় সপ্তাহে স্পেনে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যায় আরও ১৬ বাংলাদেশী যুকক।
জীবিত ও মৃত যুবকদের লাশ দেশের ফিরিয়ে আনার খরচ চেয়ে বাংলাদেশ সরকার ১৬ মার্চ আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে চিঠি দেয়।
বৈদেশিক কল্যাণ ও প্রবাসী মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, “আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বিষয়টির ওপর প্রাধান্য দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও মন্ত্রণালয় আইওএম’র কোন জবাব পায়নি।”
বাংলাদেশে কর্মরত আইওএম’র একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, “ আইওএম সাধারণত এই কাজগুলো করে থাকে। সংস্থা এর আগেও বিদেশে আটকে পড়া অনেক দুর্ভাগা বাংলাদেশীকে দেশে ফিরিয়ে এনেছে।”
তিনি আরও বলেন, সরকারের এই চিঠি বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য সংস্থার সদর দফতরে আবেদন জানানো হয়েছে।
১৬ মার্চের আগেও বৈদেশিক কল্যাণ ও প্রবাসী মন্ত্রণালয়ের সচিব আইওএম’র আঞ্চলিক প্রতিনিধি শহীদুল হকের কাছে চিঠি দেন।
চিঠিতে সচিব স্পেনে আটকে পড়া বাংলাদেশীদের তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, এসব বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কোন আর্থিক সংস্থান নেই। আইওএম বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী। তারা মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ওই চিঠিতে বলা হয়।
২৭ বাংলাদেশী যুবক ছোট আকৃতির একটি নৌকায় চড়ে মরক্কো হয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করে। ভূমধ্যসাগরে দুসপ্তাহ অনাহারে থাকার পর এদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়।
বাকিদের আলজেরিয়ার নৌবাহিনী আশংকাজনক অবস্থায় সাগরতীর থেকে উদ্ধার করে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের লাশ এবং ভুক্তভোগী বাংলাদেশী নাগরিকরা আলজেরিয়ায় রয়েছে।
স্পেন ট্র্যাজেডির পরপরই মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস এসব বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনতে বৈদেশিক কল্যাণ ও প্রবাসী মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহায়তা চেয়ে অনুরোধ জানায়।
