শ্রমিক অভিবাসনে সকল বাধা তুলে নিয়ে তাদের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি
শ্রমের অবাধ প্রবাহের দাবি উত্থাপন করে শুক্রবার ঢাকায় এক জাতীয় সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বায়নে পুঁজি ও পণ্যের অবাধ প্রবাহ মেনে নেয়া হয়েছে কিন্তু শ্রমের প্রবাহে বাধা দেয়া হচ্ছে। শ্রমিক অভিবাসনে সকল বাধা তুলে নিয়ে তাদের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স আয়োজিত দুই দিনব্যাপী “বিশ্বায়নে ট্রেড ইউনিয়নের ভূমিকা: নীতি ও কৌশল’ শীর্ষক সেমিনারের সমাপনি দিনে বক্তারা আরো বলেন, বিশ্বায়ন আজ দেশে সম্পূর্ণভাবে স্থান করে নিয়েছে। এর বাইরে বেড়িয়ে আসা এখন অসম্ভব এতএব এ বিশ্বায়ন থেকে কিভাবে সুফল নিশ্চিত করা যায় সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।
তারা বলেন, বিরাজমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এ বিশ্বায়নকেই কিভাবে মানবতার সেবায় ব্যবহার করা যায় সেদিকে জোর দিতে হবে।
দুই দিনের সেমিনারে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা আবুল বাশার, মোঃ আশরাফ হোসেন এমপি, মোঃ মজিবুর রহমান ভূঞা, মোঃ জাফরুল হাসান, ডাঃ ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ। জাতীয় টেড ইউনিয়ন ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ সেমিনারে অংশ নেন।
বক্তারা বলেন, বিশ্বায়ন দেশের শ্রম বাজারে ও শ্রমিক অধিকারের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে, এর প্রতিকার হওয়া প্রয়োজন।
সেমিনারে ‘ইমপ্যাক্ট অব গ্লোবালাইজেশন অন লেবার মার্কেট এণ্ড ওয়ার্কার্স, চ্যালেঞ্জেস এণ্ড অপরচুনিটিস: ট্রেড ইউনিয়ন এ্যাকশন’ শীর্ষক মূল নিবন্ধ উপস্থাপন করেন আইডিআরএফ-এর নির্বাহী পরিচালক আখতার সোবহান খান। নিবন্ধে তিনে বলেন, বিশ্বায়নের কারনে দেশে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ হারিয়েছে। এতে বলা হয়, ১৯৮০’র দশকে দেশে রাষ্ট্রায়ত্ব খাতে প্রায় ৫ লাখ শ্রমিকের চাকুরি হয়েছিলো। কিন্তু বিশ্বায়নের প্রভাবে কারখানা ও শিল্প বন্ধ, বেসরকারীকরণ ইত্যাদির কারনে গত দশকগুলোতে এসব লোক কাজ হারাতে শুরু করে এবং বর্তমানে রাষ্ট্রায়ত্ব খাতে মাত্র ৬৫ হাজার শ্রমিক কাজ করছে।
সেমিনারে বক্তারা বলেন, বেসরকারী খাতের ক্রম বিস্তারের ফলে শ্রমিকের মৌলিক অধিকার লংঘিত হচ্ছে, অনেক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানেই শ্রমিক অধিকার নিশ্চিত করা হয় না।
তারা বলেন, বিশ্বায়নের ফলে অনানুষ্ঠানিক খাত বাড়ছে এবং এ খাতের শ্রমিকরা সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত।
বিশ্বায়ন মানুষের জীবন ও জীবীকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে এবং মানবিক মূল্যবোধ ও মর্যাদা আজ বাজার সংস্কৃতি ও প্রতিযোগিতার মাঝে হারিয়ে গেছে।
বিশ্বায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সেমিনারের বক্তারা শ্রমিককে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে এমএফএ অবসানের পর শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেন এবং দেশে ব্যাকওয়ার্ড লিংকেজ স্থাপনের সুপারিশ করেন।
ট্রেড ইউনিয়ন নেতারা নতুন নতুন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে বলেন, সরকারের উচিত এ ধরনের যেকোন উদ্যোগে সহায়তা প্রদান। তাদের মতে, এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কর্মহারা শ্রমিকরা কাজ পাবে।
তবে তারা এসব প্রতিষ্ঠানে শ্রমিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। এছাড়াও শ্রমিক নেতারা জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণা, শ্রমিকের নিয়োগপত্র প্রদান ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনার দাবি উত্থাপন করেন।
