এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে শোভা পাচ্ছে থোকা থোকা ‘চৈত্র কড়ালি’। আবহাওয়া শেষপর্যন্ত অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে বলে আম গবেষণা কেন্দ্র এবং আম ব্যবসায়ীরা জানিয়েছেন।
তবে, রাজশাহীতে গত তিন দিন ধরে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। সে সঙ্গে হালকা বৃষ্টিপাতও হয়েছে। এমন আবহাওয়া সপ্তাহখানেক অব্যাহত থাকলে আমের নানা রোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি বিজ্ঞানীরা।
গোপালভোগ, মোহনভোগ, ক্ষিরসাপাতি, ল্যাংড়া, আম্রপালি, লক্ষণভোগসহ গুটি আমের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে বাগানিরা জানিয়েছেন। তুলনায় আমের রাজা বলে খ্যাত ফজলি আমের ফলন এবার কম হবে।
কৃষি বিভাগের মতে, চলতি মৌসুম হচ্ছে আমের ‘অন ইয়ার’। আম গবেষণা কেন্দ্র জানিয়েছে, এক বছর পর পর আমের ফলন ভালো হয়। আম ব্যবসায়ীরা আশা করছেন, চাঁপাইনবাবগঞ্জেও এবার বাম্পার ফলন হবে।
গত মাঘ মাসের মাঝামাঝিতেই অধিকাংশ আম বাগান বিক্রি হয়ে গেছে। জানা গেছে, বিগত কয়েক বছরের তুলনায় এবার চড়া দামে বাগান বিক্রি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২০০৪ সালে আমের ‘অফ ইয়ার’ থাকলেও নবাবগঞ্জ সদর উপজেলায় ৩১ হাজার, শিবগঞ্জ উপজেলায় ৫০ হাজার, গোমস্তাপুর উপজেলায় ২২ হাজার, ভোলাহাট উপজেলায় ১০ হাজার এবং নাচোল উপজেলায় ৭শ ৫০ মে. টন আম উৎপন্ন হয়েছিল। সব মিলিয়ে গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ১৯ হাজার ৪ শ হেক্টর জমিতে আমের মোট ফলন ছিল ১ লাখ ২০ হাজার মে. টন।
অন্যদিকে রাজশাহী নগরীসহ জেলার নয়টি উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ৫০ হাজার মে. টন আম উৎপন্ন হয়।
রাজশাহী জেলার বাঘা, চারঘাট, গোদাগাড়ি ও পবা উপজেলায় বেশ কিছু বড় আম বাগান রয়েছে। রাজশাহী নগরী ও পার্শ্ববর্তী অঞ্চলে আবাসিক এলাকা গড়ে উঠায় বিপুল সংখ্যক আম বাগান ধ্বংস হয়ে গেছে। যে কারণে রাজশাহীতে আমের উৎপাদন গত এক দশকে হ্রাস পেয়েছে।
কৃষি বিভাগ আরও জানায়, এ বছর চাঁপাইনবাবগঞ্জের ১৭ হাজার হেক্টর জমির প্রায় ১২ লাখ আমগাছে ‘চৈত্র কড়ালি’ বেশ তরতাজাই রয়েছে। বিরূপ আবহাওয়ায় নষ্ট না হলে এ জেলায় এ বছর প্রায় ৩ লাখ মে. টন আম উৎপাদনের সম্ভাবনা আছে। ব্যবসায়ীরাও সে আশায় এবার চড়া দামেই বাগান কিনেছেন।
