ওসমানী উদ্যান দখলদার মুক্ত করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
ওসমানী উদ্যানকে দখলমুক্ত, সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উদ্যান সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের দাবিতে বৃহস্পতিবার ওসমানী উদ্যানের ১১ হাজার গাছ রক্ষা আন্দোলনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অতীতে আন্দোলনের ফলে এ উদ্যানে ন্যাম সম্মেলন ভবন নির্মাণ স্থগিত করা গেলেও এখন অবৈধ বাস টার্মিনাল, পেট্রোল পাম্প, শৌচাগার ও দোকান নির্মানের মাধ্যমে উদ্যানের ধ্বংস সাধন প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে।
তারা বলেন, রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসেবে সিটি কর্পোরেশন উদ্যান রক্ষার দায় এড়াতে পারে না।
তারা ইতোমধ্যে কেটে ফেলা গাছের হিসাব এবং এর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
উদ্যানের পুকুর পাড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, রুহিন হোসেন প্রিন্স, মহিদুল হক খান, ডা. নূর উদ্দিন প্রমুখ।
