ধৈর্য্য ও সাহসের সাথে দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেচে থাকতে হবে:প্রধানমন্ত্রী
প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে নতুন কোন ঘটনা নয়, সুতরাং সাহস ও ধৈর্য্যরে সাথে দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বেচেঁ থাকতে হবে।
বৃহস্পতিবার সাদুল্যাপুর উপজেলার নলডাংগা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণে কোন অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবেনা। সুষ্ঠ ভাবে ত্রাণ বিতরনের জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে।
সাদুল্যাপুরের পর প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, আমি জনসভা করতে আসিনি, আমি এসেছি টর্নেডো ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত লোকদের দেখতে।
প্রধানমন্ত্রী নলডাংগা ও সর্বানন্দে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি ও টিন বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় সাঘাটা-ফুলছড়ি আসনের জাতীয় সংসদ সদস্য জাপা নেতা বেগম রওশন এরশাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেলিমা রহমান, সাদুল্যাপুর-পলাশবড়ির জাতীয় সংসদ সদস্য ড.টিআই এম ফজলে রাব্বি এবং সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
