২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কাঁচা মরিচের কেজি দেড় টাকা

নীলফামারীতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দেড় টাকা কেজি অর্থাৎ ৬০ টাকা মণ দরে। এতে মরিচ চাষীদের মাথায় হাত পড়েছে। চাষীরা মরিচ চাষ করে এবার উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ডোমার ও ডিমলা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এর বিভিন্ন এলাকায় গত কয়েক বছরের মতো এবারও মরিচের উৎপাদন ভাল হয়েছে। কয়েক বছরে এখানকার চাষীদের প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে মরিচ।

ডোমার ও ডিমলা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বোড়াগাড়ী, বামুনিয়া, গোমনাতি, কেতকিবাড়ী, ভোগডাবুরি, বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, নাউতারা এলাকা মরিচ চাষের জন্য প্রসিদ্ধ।

এসব মরিচ বিক্রি হয় বোড়াগাড়ী হাঁট, ডিমলা সদর, খালিশা চাপানী মাদ্রাসাটারী, জলঢাকা উপজেলার গোলনা নবাবগঞ্জ হাটে।

গত কয়েক দিন ধরে এসব হাঁটে মরিচ বিক্রি হচ্ছে মাত্র ৬০ টাকা মণ দরে। ক্রেতার চাহিদা কম থাকায় মরিচের দাম উঠছে না বলে চাষীরা জানান।

বোড়াগাড়ী হাঁটে ঢাকার কাওরানবাজার থেকে আসা বেপারী আবুল কাশেম বলেন, কিছুদিন আগেও ডোমার ডিমলা থেকেই সিংহভাগ মরিচ যেতো কাওরান বাজারে। কিন্তু এখন বিভিন্ন স্থান থেকে কাওরান বাজারে মরিচ যাচ্ছে। ঢাকার অদূরে মরিচ আবাদ হচ্ছে।

ফলে প্রতিদিন ১২/১৪ ট্রাক কাঁচা মরিচ ঢুকছে কাওরান বাজারে। এ কারনে মরিচের দাম এবার খুব কমে গেছে। তবু আমরা ডোমার ডিমলা থেকে মরিচ নিয়ে যাচ্ছি। এতে ক্ষতিও গুনতে হচ্ছে।

তিনি জানান, গত ট্রিপে ট্রাক প্রতি এক হাজার থেকে ১২শ’ টাকা করে লোকসান করেছেন।

এ অবস্থা ডিমলা, খালিশা চাপানী, নবাবগঞ্জ হাটেও। খালিশা চাপানীর চাষী আইনুল হক জানান, দাম না পাওয়ায় মরিচ এবার চাষীদের পথে বসাবে।