ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো এক র্যাব সদস্য, বাড়ি থেকে আড়াই লাখ টাকা উদ্ধার
রাজধানীতে বুধবার দুপুরে গাবতলির বাঘবাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাতির সময় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) এক সদস্যকে হাতেনাতে ধরে ফেলে।
ধৃত র্যাব সদস্যের নাম সার্জেন্ট আতিক (৩০)। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকসার গ্রামের মজিবুর রহমানের পুত্র সার্জেন্ট আতিক বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্যও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে মিরপুর থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, র্যাব ও পুলিশ আতিকের বাসা থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করেছে ও তার দু সহযোগীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের সূত্র মতে দুপুর সাড়ে বারোটার দিকে ৬/৭ সদস্যের সাদা পোশাক পরিহিত র্যাবের একটি দল বাঘবাড়ির একটি বাজারে অভিযান চালায় এবং পশু বিক্রেতা রতন আলীর অফিস থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা লুট করে। তারা আরও জানায়, সিএনজি চালিত অটোরিক্সা করে সাদা পোশাক পরিহিত র্যাব সদস্যরা বাঘবাড়ি এলাকায় যায়্ এবং ওই অফিস থেকে টাকা লুট করে তাদের একজনকে রেখে একই বাহনে করে ওই স্থান ত্যাগ করে।
স্থানীয়রা র্যাব দলটির একজনকে তাৎক্ষনিকভাবে ধরে ফেলে কিন্তু তার সহযোগীরা দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম হয়। রতন আলী সাংবাদিকদের জানায় যে টাকা লুট করে নেওয়ার পর র্যাব সদস্যরা তাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি প্রদান করে।
বিডিনিউজের সাথে আলাপকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এন্তেজারউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এর অনুসন্ধান শুরু করছেন বলে জানান।
পুলিশের সূত্র জানা যায়, সার্জেন্ট আতিকের দুই সহযোগীকে সন্ধ্যাবেলা ইস্টার্ণপ্লাজা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের একজনের নাম ওয়ালি। কিন্তু র্যাব এই গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেনি।
বিডিনিউজ থেকে র্যাব-৪’র কমান্ডিং অফিসার কর্ণেল সাবের শরীফ সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সার্জেন্ট আতিকুর রহমানকে দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের অধীনে শাস্তিপ্রদানের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কর্ণেল সাবের জানান সার্জেন্ট আতিক হলেন বিমান বাহিনীর সদস্য এবং তিনি বুধবার সকাল থেকে অসুস্থতাজনিত ছুটি গ্রহণ করেছিলেন।
তিনি আরও জানান, “র্যাব ও পুলিশ আতিকের মিরপুরের বাসা থেকে অর্থ উদ্ধার করেছে এবং তার সহযোগীদের ধরার জন্য সারা দেশ জুড়ে অভিযান শুরু করা হয়েছে। ”
