২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপির বিরুদ্ধে দায়েরকৃত ঘুষ সংক্রান্ত মামলা চালিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ

এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করার দায়ে হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার ও মাধবপুর থানার ইন্সপেক্টর ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন হাইকোর্ট ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

হাইকোর্ট বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মতিউর রহমানকে মামলাটি পরিচালনার জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারপতি জয়নুল আবেদীন ও বিচারপতি জুবায়ের রহামান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মামলার অনুমতি না দেওয়ার আদেশকে বেআইনী ঘোষণা করেছেন।

আবেদনে বলা হয়, সালাউদ্দিন আহমেদ ২০০২ সালের ২২ ডিসেম্বর মাধবপুর থানায় তার নিজের নিরাপত্তার জন্য একটি জিডি করতে যান। এসময় তার কাছে ব্যবসা সংক্রান্ত নগদ ২০ লাখ টাকা ছিল।

কিন্তু এসপি মোস্তফা কামাল সালাউদ্দিনকে আটক করার জন্য তৎকালীন সাব ইন্সপেক্টর ওয়াহিদ মিয়াকে নির্দেশ দেন। পরে তাকে আটক করে ২০ লাখ টাকা জব্দ করা হয়।

আবেদনে আরও বলা হয়, এসপি মোস্তফা কামাল এবং এসআই ওয়াহিদ তার কাছে আরও ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার ২২ দিন পর ঐ পুলিশ কর্মকর্তারা জব্দকৃত ২০ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। এরপরেও তারা সালাউদ্দিনের কাছ থেকে বাকি ৩০ লাখ টাকা আদায়ের জন্য তার ওপর বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করে।

পরে উপায়ান্ত না দেখে সালাউদ্দিন ঢাকা সিএমএম আদালতে একটি নালিশি আবেদন দায়ের করেন। সিএমএম আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। কিন্তু দায়রা জজ আদালত প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমতি না থাকায় মামলাটি পরিচালনা করতে অস্বীকৃতি জানান।

মামলা পরিচালনার অনুমতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই বার চিঠি পাঠানো  হলেও  প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতির আবেদন খারিজ করে দেওয়া হয়।

সালাউদ্দিন প্রধানমন্ত্রী কার্যালয়ের এই আদেশ এবং ঢাকা মহানগর দায়রা জজের মামলা পরিচালনায় অস্বীকৃতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।

হাইকোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশকে বেআইনী ঘোষণা করেন এবং দায়রা জজকে প্রধানমন্ত্রীয় কার্যালয়ের অনুমোদন ছাড়াই মামলা চালানোর নির্দেশ দেন।

আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মাহবুবুর রহমান এমপি। তাকে সহায়তা করেন এ্যাডভোকেট আবু তাহের ও এ্যাডভোকেট শফিকুল আলম। অপরদিকে সরকার পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী এ্যাটর্নি জেনারেল জামান আখতার বুলবুল।