দুর্নীতি দমন কমিশন আবার অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে
মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নিয়ে আবার অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি বিলুপ্ত ব্যুরোর আট কর্মকর্তার বদলীর ব্যাপারে মন্ত্রী পরিষদের দেয়া সিদ্ধান্ত নিয়ে স্পষ্টত বিভক্তি দেখা দিয়েছে কমিশনের চেয়াম্যান ও একজন কমিশনারের মধ্যে।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে কমিশনকে জানান, বিলুপ্ত ব্যুরো’র কর্মকর্তাদের কোন প্রশাসনিক সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই।
কিন্তু কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান মন্ত্রী পরিষদ বিভাগের দেয়া সিদ্ধান্ত সঠিক নয় বলে বুধবার কমিশনে এক সভায় জানান। মন্ত্রী পরিষদ বিভাগ বিভিন্ন সময়ে কমিশনের সিদ্ধান্তের বিরোধীতা করে এর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন আইন সংশোধনেরও কথা বলেন।
সভায় কমিশনের অপর দুই সদস্য অধ্যাপক মুনিরুজ্জামান মিয়া ও মনির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের বক্তব্যের সাথে দ্বিমত পোষন করে কমিশনের সদস্য অধ্যাপক মুনিরুজ্জামান মিয়া বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত সঠিক ছিল।
সম্প্রতি কমিশনের প্যাড ব্যবহার করে ব্যুরোর সাবেক কর্মকর্তা লেফটেনেন্ট কর্ণেল আব্দুল হান্নান মৃধা ব্যুরোর আট জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলির আদেশ দেন।
এই বদলীর আদেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক চিঠিতে জানায়, যেহেতু সরকার দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের ‘রিজার্ভ’ ঘোষণা করেছে তাই ব্যুরোর কোন কর্মকর্তার প্রশাসনিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।
দুর্নীতি দমন কমিশনে হান্নান মৃধার কোন পদবী না থাকলেও তিনি এ বদলীর আদেশ দেন বলে কমিশন সূত্র জানায়। কমিশন গঠনের পর সরকার ব্যুরোর কর্মকর্তাদের রিজার্ভ ঘোষণা করেন। গতমাসে দুর্নীতি দমন কমিশন ব্যুরোর কর্মকর্তাদের নিজেদের কাজে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলেও মন্ত্রী পরিষদ বিভাগ এখনো এ প্রস্তাবে সম্মতি দেয়নি।
