দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সরকারী নির্দেশে বুধবার লঞ্চ চলাচল বন্ধ ছিলো। আবহাওয়া অফিস দুই নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলার কারণে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (পোর্ট এন্ড ট্রাফিক) সৈয়দ মনোয়ার বুধবার রাতে বিডিনিউজকে বলেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে আমরা ছোট বা বড় কোনো লঞ্চই ছাড়ার অনুমতি দিই নি।
তবে আবহাওয়া অফিস দুই নম্বর সংকেত প্রত্যাহার করলে রাত দশটার পরে বড় আকারের লঞ্চ চলাচল শুরু হতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, ঢাকার উদ্দেশ্যে একটি মাত্র রকেট স্টীমার ছাড়া বুধবার সারা দিনে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে চব্বিশটি রুটের কোনোটিতেই লঞ্চ চলাচল করেনি।
