রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের কর্মবিরতি ॥ রোগীদের ভোগান্তি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের এক প্রফেসরকে হুমকি দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ইন্টার্নি ডাক্তাররা কর্মবিরতি পালন করে।
এই কর্মসূচী পালনকালে কর্তৃপক্ষকে ৮দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। এসব দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেয়।
কর্মসূচী পালন কালে ইন্টার্ণি ডাক্তাররা হাসাপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ভোগান্তির শিকার হতে হয়।
সূত্র জানায়, রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার তারা বানু (৫০) নামের এক মহিলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না এ অভিযোগে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে কাদিরগঞ্জ এলাকার জনৈক শুভ ওই বিভাগের প্রফেসর ডাঃ ফাতেমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এসময় ওয়ার্ডের ইন্টার্ণী ডাক্তার এগিয়ে এলে শুভ নিজেকে নগরীর এক বিএনপি নেতার ভাই পরিচয় দিয়ে তাদেরও হুমকি দেয়।
এই ঘটনার প্রতিবাদ ও শুভকে গ্রেফতারের দাবিতে গাইনী ওয়ার্ডের ইন্টার্নী ডাক্তার মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করে। কর্মসূচীর সমর্থনে অন্যান্য ওয়ার্ডের ইন্টার্নী ডাক্তাররাও বুধবার কর্মবিরতি পালন করে।
যেসব দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে সেগুলো হলো- বহিরাগত ও দালালদের দৌরাত্ম বন্ধ, ওয়ার্ডের গেটে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী নিয়োগ, দর্শনার্থীদের যাতায়াতের নিয়ম বাস্তবায়ন, গাইনী বিভাগে পুরুষদের যাতায়াত সংরক্ষণ, ডাক্তারদের নিরাপত্তা জোরদার।
হাসপাতালের উপ-পরিচালক ডা. এস কে জাহিদ হোসেন ইন্টার্নী ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, হাসপাতালের পরিচালক ঢাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার তিনি রাজশাহী ফিরলে আন্দোলনরত ইন্টার্নী ডাক্তারদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচানায় বসবেন।
