২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ থানায় পৃথক তদন্ত ইউনিট গঠন ও ৬০০ সাব-ইন্সপেক্টর পদ সৃষ্টির সিদ্ধান্ত

সরকার দেশের ৩০০ টি থানায় একটি পৃথক তদন্ত ইউনিট গঠন এবং প্রতি ইউনিটের জন্য দুজন করে মোট ৬০০ সাব-ইন্সপেক্টর পদ সৃষ্টির সিদ্ধাস্ত নিয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে ৩০ টি থানায় তদন্ত ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটগুলোর কার্যক্রমে ইতিবাচক ফল পাওয়ায় সম্প্রতি  প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার )এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিকারের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেশকৃত এক প্রতিবেদনে আইন-শৃঙ্খলার অবনতির জন্য প্রয়োজনীয় জনবলের অভাবকে মূল কারণ হিসাবে দেখানো হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয় থানায় কর্মরত সাব-ইন্সপেক্টররা মামলা গ্রহন থেকে শুরু করে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধঃস্তনদের কাজের তদারকি করে থাকেন। এ কাজগুলোর মধ্যে প্রতিবেদনে মামলা তদন্তের কাজকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।

বৈঠকে জনসংখ্যা বৃদ্ধির সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যের সংখ্যাও বাড়ানো উচিত বলে অভিমত প্রকাশ করা হয়। বেশী সংখ্যক মামলা স্বল্প সময়ের মধ্যে তদন্ত করার বাধ্যবাধকতা থাকার ফলে তদন্তের গুণগত মান হ্রাস পায় এবং সুষ্ঠু বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হয় বলে উল্লেখ করা হয়।

সূত্রে জানা যায়, পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে বর্তমানে কনষ্টেবল ও এসআই’র সংখ্যার অনুপাত ১০:১। সেই অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসআই’র ১,৯১২ টি পদ সৃষ্টির সম্মতি চাওয়া হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কথা বিবেচনা করে সংস্থাপন মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দেয়।

পদ সৃষ্টির ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের সম্মতির পর প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ও দেশে বিদ্যমান ৫৬৯ টি থানায়  পৃথক করে তদন্ত ইউনিট গঠন এবং প্রত্যেক ইউনিটের জন্য ২ টি করে মোট ১.১৩৮ টি এসআই পদ সৃষ্টির সম্মতি দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১,১৩৮টি এসআইর পদ অস্থায়ীভাবে সৃষ্টির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিকে সুপারিশ করা হয় ।

সচিব কমিটি ৩০০ টি তদন্ত ইউনিট গঠন ও ৬০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিকারের বৈঠকে উপস্থাপন করে। নিকারের বৈঠক সচিব কমিটির প্রস্তাবিত বিষয়ে একমত পোষণ করে ।