২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসব শুরু

‘মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান’ দেশাত্ববোধক এ গানটির সুরে সুরে উদ্বোধন হলো মুক্তিযুদ্ধ জাদুঘরের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

একই সাথে শুরু হয়েছে জাদুঘরের সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসব।

মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর অনুষ্ঠানমালা শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকের বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি পরবর্তী প্রজন্মকে জানাতে এবং সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে ১৯৯৬ সালেযাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ।

তিনি বলেন, যারা যুদ্ধ করেছিলেন, অত্যাচারিত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের কোনও মূল্যায়ন হয়নি। পরবতী প্রজন্ম জানবেইনা এই দেশের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়েছে এই জাতিকে। তাই সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী। স্মারক বক্তৃতা করেন ড. সন্জীদা খাতুন।

২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে স্বাধীনতা উৎসব। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, সঙ্গীতানুষ্ঠান, বইমেলা আর আলোকচিত্র প্রদর্শনী।   

আজ মনোজ্ঞ একক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।