দেশে এখনও কোনও প্রতিরক্ষা নীতি নেই
বাংলাদেশে এখনও কোনও প্রতিরক্ষা নীতি প্রনীত হয়নি। প্রতিরক্ষা ম্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মঙ্গলবার বলা হয়, প্রতিরক্ষা কাজে জড়িত নৌ, বিমান, বিডিআর, পুলিশ, আনসার, ভিডিপি এবং সর্বস্তরের জনগণের জন্য একটি প্রতিরক্ষা নীতিমালা থাকা বাঞ্ছনীয়।
বৈঠকে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, নৌ, বিমান ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ একটি প্রতিরক্ষা নীতিমালা প্রনয়ণে কাজ করে যাচ্ছে।
বৈঠকে আরও বলা হয়, ওই তিন বাহিনীর অভীষ্ট্য লক্ষ্যের আলোকে নীতিমালাটি প্রনয়ণ করা হবে।
বৈঠকে উপস্থিত বিরোধী দল আওয়ামী লীগের সদস্য কর্ণেল (অবঃ) এম শওকত আলী বলেন, ৭ম সংসদে একটি প্রতিরক্ষা নীতিমালার ব্যাপারে অনুমোদন দেয়া হয়েছিলো যা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
স্থায়ী কমিটির সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, কমিটিকে জানতে হবে বাংলাদেশের বিরুদ্ধে সাম্ভাব্য হুমকি কোথা থেকে আসতে পারে।
সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান আরও বলেন, একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও বিডিআর, পুলিশ, আনসার, ভিডিপি, ক্যাডেট কোর এবং সর্বস্তরের জনসাধারনকে একটি প্রতিরক্ষা নীতিমালার মাধ্যমে পরিচালিত হতে হবে।
স্থায়ী কমিটির বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালের ব্যাপারেও আলোচনা করা হয়।
কমিটি পর্যবেক্ষণ করেছে যে, অন্যান্য সুযোগ সুবিধা ডাক্তার এবং নার্সদের সংখ্যা না বাড়লেও সম্মিলিত সামরিক হাসপাতালে দিনে দিনে সাধারণ মানুষের চাপ বাড়ছে।
সামরিক হাসপাতালের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কমিটির বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অবঃ) কামরুল ইসলাম, আনোয়রুল কবির তালুকদার, আশেক সিদ্দিকী এবং শাহজাহান ওমর বৈঠকে উপস্থিত ছিলেন।
