উদ্ধারকৃত কংকালটি জামালউদ্দিনের নয় বলে সনাক্ত করেছে তার পরিবার
ফটিকছড়ির কাঞ্চন নগর পাহাড়ি এলাকা থেকে উদ্ধারকৃত কংকালটি অপহৃত ব্যবসামী জামাল উদ্দিনের নয় বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে জামালউদ্দিনের স্ত্রী নাজমা আক্তার ও ছেলে চৌধূরী ফরমান রেজা কংকালটি পর্যবেক্ষণ করেন। তারা বিডিরিউজকে জানান, কংকালের দাঁত, চুল কেনো কিছুর সঙ্গেই জামালউদ্দিনের মিল নেই। নিখোঁজের চুল সাদা হলেও কংকালের মাথার চুল কালো ও লম্বা।
কংকালটির ডিএনএ টেস্ট করার দাবি জানাবেন কি না, তা জানতে চাওয়া হলে ফরমান রেজা বলেন, ‘এটা আব্বার লাশ কিংবা কংকাল নয়, সে ব্যাপারে আমরা ১০০ ভাগ নিশ্চিত। সুতরাং ডিএনএ টেস্ট করার দাবির প্রশ্নই আসে না।
জামালউদ্দিন অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, এখন কংকালটির বিষয়ে সিদ্ধান্ত নেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ।
পুলিশ সোমবার কাঞ্চন নগর ইউনিয়নের খন্দকার টিলার পাহাড়ি এলাকা থেকে প্রায় দেড় ফুট মাটি খুড়ে কংকালটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জামালউদ্দিন অপহরণ মামলার অন্যতম আসামী আবুল কাশেম চেয়ারম্যানের বাড়ির প্রায় দু’কিলোমিটার দক্ষিণে এবং তার গ্রেফতারকৃত সহযোগী কালা মাহাবুবের বাড়ির আধা কিলোমিটার দক্ষিণে ওই খন্দকার টিলার অবস্থান।
