২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে প্রয়োজন গণসচেতনতা

ভূমিকম্প এবং সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে গণসচেতনতা গড়ে তুলতে হবে। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক গোল টেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কমিটি  ‘বাংলাদেশে ভূমিকম্প ও সুনামির বিপর্যয় রোধে করণীয়’ শীর্ষক এই গোল টেবিল বৈঠকটির আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ড. এএসএম মাকসুদ কামাল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং সংগঠনের শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর একে আজাদ চৌধুরী আলোচনায় অংশ নেন।

আব্দুল জলিল বলেন, রাজধানীতে নিয়ন্ত্রণহীনভাবে বহুতল ভবন নির্মাণ ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে হলে জনগণকে সতর্ক করে তোলা উচিত।

বাংলাদেশে ভূতাত্ত্বিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সামর্থ্য একেবারেই কম।

তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

তোফয়েল আহমেদ বলেন, সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে সচেতন করা রাজনীতিবিদদের কর্তব্যের মধ্যে পড়ে। তিনি ঢাকার আশেপাশের ও অভ্যন্তরের জলাশয় সংরক্ষণের আহ্বান জানান।

লেফটেনেন্ট কর্নেল ফারুক খান যে কোন নির্মাণ কাজে বিল্ডিং কোড মেনে চলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।