বিমানে ২২২৮টি অডিট আপত্তির নিষ্পত্তি হয়নি
২২২৮টি অডিট আপত্তি নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে বাংলাদেশ বিমান করপোরেশন।
বিমান প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৫,৩৭৫টি অডিট আপত্তি জমা পড়ে। এর মধ্যে মাত্র ৩,১৪৭টি আপত্তির নিষ্পত্তি করতে পেরেছে সংস্থাটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে একথা জানানো হয়েছে।
কমিটির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বৈঠকে সদস্য মোশাররফ হোসেন মংগু, আব্দুল গণি, আবু হেনা, রাজিউদ্দিন আহমেদ রাজু, এম রশিদুজ্জামান মিল্লাত এবং ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশে ও দেশের বাইরে বিমান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম বিশ্লেষণ করতে রশিদুজ্জামান মিল্লাতকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে জানানো হয়, বিমান ১৯৯৪-৯৫ থেকে ২০০৩-০৪ অর্থবছর পর্যন্ত ১০ বছরে বিদেশ থেকে এয়ার ক্র্যাফটের যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী কেনা বাবদ ৪৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করেছে। একই সময়ে স্থানীয়ভাবে ৮৭ কোটি ৭৮ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।
বৈঠকে গত অর্থবছরে মেরামত ও জ্বালানি ক্রয়সংক্রান্ত বিমানের একটি প্রতিবেদন পেশ করা হয়। এতে বলা হয়েছে, জ্বালানী ক্রয় খাতে প্রকৃত ব্যয় হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা এবং রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হয়েছে লাখ টাকা।
