রাজধানীতে আমেরিকান সেন্টারের নতুন লাইব্রেরী উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে সোমবার রাজধানীতে আমেরিকান সেন্টারের নতুন লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০৪ সালের পুুলিৎজার পুরস্কার বিজয়ী এডওয়ার্ড পি. জোন্স, শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস।
মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “আমরা চাই এখানে শিক্ষার্থী, শিশু ও বয়স্করা আসবে। তারা আনন্দের সাথে বই পড়বেন ও গবেষণার সাহায্য নেবেন। পাশাপাশি তারা এই লাইব্রেরীতে এসে যুক্তরাষ্ট্র সম্পর্কে জানবেন বা সেন্টারের বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন।” এই লাইব্রেরীতে এলে দর্শনার্থীরা আংশিক হলেও যুক্তরাষ্ট্রের একটি প্রতিচ্ছবি দেখতে পাবেন বলে তিনি মন্তব্য করেন। মিষ্টার জোন্স তার ছোট গল্প সংকলন “লষ্ট ইন দি সিটি” থেকে “ দি ফাস্ট ডে” নামের ছোট গল্প পড়ে শোনান এবং পাঠাগার ও সাক্ষরতার গুরুত্বের উপর জোর দেন।
সম্মানিত অতিথিদের লাইব্রেরি কার্ড দেওয়া হয় এবং লাইব্রেরী থেকে প্রথম বইটি ধার নেয় সাত বছর বয়সী ওয়াজিহা লাবিবা খান। উদ্বোধনী অনুষ্ঠানে টেরি খান ও টিফানি গোরলে দুটি সঙ্গীত পরিবেশন করেন।
আমেরিকান সেন্টার লাইব্রেরী থেকে আমেরিকান গল্প উপন্যাস এবং আমেরিকান স্টাডিজ, কম্পিউটার, ব্যবসা ও ব্যবস্থাপনা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজীর উপর বই ও অন্যান্য সামগ্রী ধার নেওয়া যাবে। শিশুদের তাদের অভিভাবকদের সাথে এসে ‘ চিল্ড্রেন কর্নার’ পরিদর্শনের আহবান জানানো হয়েছে। পৃষ্ঠপোষকগণ গ্রাহক কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং দু সপ্তাহের জন্য বিভিন্ন পাঠাগার সামগ্রী ধারে নিতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য আমেরিকান সেন্টারের ৮৮১৩৪৪১ এ যোগাযোগ করা যেতে পারে।
