২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’ দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফর

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিন দিনের সরকারি সফরে রোববার এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দুু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন।

মন্ত্রী পরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিক দলের প্রধান শাহতা জারাব এবং উচ্চপদস্থ সরকারি কমকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান, প্রধান সচিব ড. কামাল সিদ্দিকী, নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৪৫ সদস্যের ওই প্রতিনিধি দলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংগঠনের ১৬ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধিও রয়েছেন।

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন জানান, ‘বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগ সুবিধার প্রতি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ এবং তাদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করাই এ সফরের লক্ষ্য।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে এবং চাকরির সুযোগ সৃষ্টি হবে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দু দেশের মধ্যে এ বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার।

এ সফরে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ব্যাপারে আরও উদারতা আশা করবেন এবং বাংলাদেশে রেমিটেন্স স্থানান্তর আরও প্রসারের ব্যাপারে সুপারিশ করবেন।

তিন দিনের এ সফরে সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙের সাথে বৈঠকে বসবেন খালেদা জিয়া।

একই দিনে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এসআর নাথনের সাথে ইসতানায় এক সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে মন্ত্রী মেন্টর লি কুয়ান ইউয়ের সাথে আলাপ করবেন।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর দেওয়া ভোজসভায় অংশ নেবেন।

দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ চলাচল ও সমুদ্র সংক্রান্ত বিষয়, রাষ্ট্রীয় প্রতিনিধি ও ভিসা, জনশক্তি রপ্তানি, মানব সম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও আইসিটি, এআরএফ এবং নিরাপত্তা সদস্য এসব বিষয় স্থান পাবে।

আলোচনার পর বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

মঙ্গলবার সানটেক কনভেনশন সেন্টারে সিঙ্গাপুরের ইনিস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই দিনই সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আমন্ত্রণে এক ভোজসভায় যোগ দেবেন। সেখানে তিনি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুর সফর করেন। সেটিই ছিল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোনও নেতার প্রথম সিঙ্গাপুর সফর।

প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, ‘সরকারের লুক ইস্ট পলিসি অনুযায়ী বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘এ সফর আসলে সে ব্যাপারে আমাদের আন্তরিক প্রচেষ্টার বহিঃপ্রকাশ।’

সিঙ্গাপুরে রোববার পৌঁছুনোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।

২৩ মার্চ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।