বাংলাদেশকে 'বেশ সমস্যাসঙ্কুল' দেশ হিসেবে আখ্যায়িত করলেন রাইস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বাংলাদেশকে ‘বেশ সমস্যাসঙ্কুল’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক কিছুই করার রয়েছে।
যেহেতু বাংলাদেশ ধীরে ধীরে আরও সংকটের দিকে যাচ্ছে, তাই গোটা অঞ্চলেই যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার রয়েছে বলে ভারতের শীর্ষ স্থানীয় সাপ্তাহিকী ইন্ডিয়া টুডে’র রাজ চেঙ্গাপ্পার কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি কথা বলেন।
দক্ষিণ এশিয়া বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অঞ্চলে আমরা কিছু ‘ব্যর্থ রাষ্ট্র ও সমস্যাসঙ্কুল বিষয়’ দেখতে পাচ্ছি। আর দেশগুলোর নাম বলতে গিয়ে তিনি নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও পাকিস্তানের কথা বলেন। দক্ষিণ এশিয়ায় ভারত কী ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র একাধিক উপায়ে এ অঞ্চলের সমস্যা মোকাবেলা করতে পারে।
আফগানিস্তান সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানে এখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর ভাবনার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।
নেপালের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্বক্ষণিক ভাবে ভারতীয় ও ব্রিটিশ রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। রাজাকে সন্তুষ্ট রেখে আবার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বললেন তিনি।
দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার থাকলেও আমাদেরকে বিষয়টি আর্ন্তজাতিক প্রেক্ষাপটে দেখতে হবে এবং সেক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদারের ভূমিকা পালন করতে পারে, তিনি মন্তব্য করেন। এজন্য ভারতের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আশাপ্রকাশ করেন তিনি।
ভারতের কাছে ওরিয়নের মতো গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি বিক্রির প্রক্রিয়ায় রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে ভারতের সামরিক বাহিনীর চমৎকার সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। শুধু ভারতের প্রয়োজনীয়তার কথা বিবেচনা নয় গোটা অঞ্চলের কথা মাথায় রেখে দুদেশ সামরিক সহযোগিতা জোরদার করবে বলে রাইস মন্তব্য করেন।
