২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিন দিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুর যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হিয়েন লুংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাচেছন। তিনি ৩৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে আরো থাকবেন পররাষ্ট্র মন্ত্রী, প্রধানমন্ত্রীর সচিবালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক। বিভিন্ন বেসরকারি ব্যবসায়ী সংগঠনের ১৬ জন সদস্যও এ প্রতিনিধিদলে রয়েছেন।

বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়েছে। বাণিজ্য সহজীকরণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের ওপর ভিত্তি করে উন্নয়ন কৌশলে পরিবর্তন আনা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সহযোগী দেশ। দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমান প্রায় ১দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার।

পররাষ্ট্র সচিব বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানানো ও দুদেশের মধ্যে বাণিজ্যিক ব্যবধান কমানোই এই সফরের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ থেকে জনশক্তি নিতে সিঙ্গাপুর সরকার উদার নীতি অনুসরণ করবে।

সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হিয়েন লুংয়ের সাথে বৈঠক করবেন। এর আগে তারা টেলিফোনে কথা বলবেন। বৈঠকে দুই প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবেন।

ওই দিনই প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের রাষ্ট্রপতি এস আর নাথানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।  এছাড়া তিনি সোমবার রাতে ইস্তানায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর আমন্ত্রণে একটি নৈশ ভোজে অংশ নেবেন।

মঙ্গলবার সানটেক কনভেনশন সেন্টারে সিঙ্গাপুরের ইনিস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ আয়োজিত  বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জের ওপর এক আলোচনা অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ওই দিনই সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আমন্ত্রনে তিনি এক ভোজসভায় যোগ দেবেন। সেখানে তিনি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

সিঙ্গাপুরে রোববার পৌছুনোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। ২৩ মার্চ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।