নগরীর সকল ল্যান্ডফোনে কলার আইডি চালু করতে ব্যর্থ বিটিটিবি
গ্রাহকদের ব্যাপক চাহিদা থাকলেও রাজধানীর সকল ল্যান্ডফোনে কলার আইডি ব্যবস্থা চালু করতে পারেনি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)।
শনিবার বোর্ডের একজন কর্মকর্তা জানান, একটি প্রকল্পের আওতায় ঢাকার চার ভাগের একভাগ ল্যান্ডফোনে এ ব্যবস্থা চালু করা হয়েছে। বাকিগুলোতে এ ব্যবস্থা চালু করার মতো সামর্থ বিটিটিবি’র এখন নেই। এমনকি এ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে কিনা, তাও নিশ্চিত নয়।
দেশের ল্যান্ডফোনের মোট গ্রাহক আট লাখ ৪১ হাজার। এর মধ্যে ঢাকায়ই রয়েছে চার লাখ ৫০ হাজার গ্রাহক। গতবছর অক্টোবরের মধ্যে ঢাকার এ সকল ল্যান্ডফোনে কলার আইডি সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বিটিটিবি।
সূত্র আরও জানায়, গ্রাহকদের প্রচন্ড চাহিদা উপেক্ষা করে টি এ্যাণ্ড টি এখনও কলার আইডি সুবিধা ছাড়াই টেলিফোন সংযোগ দিয়ে যাচ্ছে।
প্রকল্পটির আওতায় বিটিটিবি নগরীর মাত্র এক লাখ সংযোগে এ ব্যবস্থা চালু করতে পেরেছে।
সাধারণ ফোনের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি বিটিটিবিতে এক লাখেরও বেশি কলার আইডিসহ ফোনের চাহিদা রয়েছে।
বিটিটিবি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম শনিবার বিডিনিউজকে বলেন, বোর্ড আরও এক লাখ ১০ হাজার গ্রাহককে এ সুযোগ দিতে নতুন একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, এ প্রকল্পের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।
নতুন ও পুরাতন সংযোগগুলো কিভাবে কলার আইডি ব্যবস্থার আওতায় আনা হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি বিটিটিবি।
সূত্র জানায়, অতিরিক্ত পাঁচ হাজার টাকা চার্জ নিয়ে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু ল্যান্ডফোনকে কলার আইডি সুবিধার আওতায় আনা হয়েছে।
সূত্র আরও জানায়, টি এ্যাণ্ড টির ক্যাবল ও নেটওয়ার্ক সুইচ ব্যবস্থার মধ্যে সমন্বয়হীনতা এ জন্য দায়ী। কলার আইডিসহ দ্রুত টিএ্যাণ্ডটি সংযোগ প্রদানের জন্য প্রত্যেক টেলিফোন একচেঞ্জে পর্যাপ্ত ক্যাবল ও নেটওয়ার্ক সুইচ রাখতে হবে।
প্রথম প্রকল্পের অধীনে কলার আইডিসহ নেটওয়ার্ক সুইচগুলো চীনের সাংহাই, হাওয়াই ও জেডটিই এবং কানাডার নরটেল থেকে আমদানি করা হয়েছিল।
সূত্র জানায়, বিভিন্ন সময় ল্যান্ডফোনে চাঁদা দাবি অথবা স্রেফ মজা করার জন্য সন্ত্রাসীদের নাম দিয়ে ফোন করার কারণে গ্রাহকদের মধ্যে কলার আইডিসহ টেলিফোন সংযোগের চাহিদা দিনদিন বাড়ছে।
কলার আইডি ব্যবস্থার ফলে গ্রাহকরা এ ধরণের অনাকাক্সিক্ষত ফোন করা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
