২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া স্মরণে হবিগঞ্জ সমিতির শোক সভা

নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শুক্রবার ঢাকায় হবিগঞ্জ সমিতি আয়োজিত সভায় বক্তারা কিবরিয়ার মৃত্যুতে দেশ ও সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

কিবরিয়ার জীবনী আলোচনায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, কিবরিয়া ছিলেন সত্য ও ন্যায়ের উজ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন একাধারে ভাল ছাত্র, কৌশলী কুটনীতিক ও সত্যিকারের দেশপ্রেমিক। কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, হত্যাকারীদের প্রতিহত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যাতে এ ধরনের হত্যাকান্ড ভবিষ্যতে আর না ঘটে।

উজ্বল ও বৈচিত্র্যময় কর্মজীবনের কারণে কিবরিয়াকে ‘দেশের গৌরব’ হিসেবে উল্লেখ করে বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বলেন, তিনি ছিলেন একজন সফল কুটনীতিক।

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মোখলেসুর রহমান বলেন, অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কিবরিয়া এবং তিনিই সার্কের ‘কনসেপ্ট পেপার’ রচনা করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজুর রহমান সরকারের কাছে হবিগঞ্জ গ্রেনেড হামলার সঠিক তদন্তের দাবি জানান।

সমিতির সভাপতি সিএম রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ আবদুল মুসাব্বির, প্রকৌশলী ফকরুল হাসান মুরাদ, মাহবুবউদ্দিন চৌধুরী ও আইয়ুবুর রহমান।

উল্লেখ্য,গত ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক ভয়াবহ গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এসএএমএস কিবরিয়াসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন।