২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহত, ১০০ আহত

রাজধানীয় ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শুক্রবার সংঘটিত পৃথক সড়ক দূর্ঘটনায় দুই পরিবারের পাঁচজন সহ ১১ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

রাজধানীর বাড্ডা এলাকায় শুক্রবার বিকেলে একটি দ্রুতগামী বাস সিএনজি-চালিত একটি গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই এর তিনজন আরোহী প্রাণ হারায়।

নিহত তিনজন হলো - হিরানা বেগম (২৫), তার শিশুকন্যা মিতু (৩) এবং ননদ ফাতেমা (১৬)। 

দূর্ঘটনায় গুরুতর আহত হিরানার শ্বশুর হেলাল উদ্দিনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে। 

আহত হেলাল উদ্দিনকে উদ্ধৃত করে পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার সময় নিহতের পরিবার মিরপুরের আত্মীয়ের বাসা থেকে তাদের নয়ানগরের বাসায় ফেরার পথে দ্রুতগামী বাসটি তাদের চাপা দেয়।  

রাজধানীতে সংঘটিত অপর সড়ক দূর্ঘটনায় ষাটোর্ধ্ব এক লোক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।

পুলিশ জানায়, সামাদ বেপারী নামের ঐ ব্যক্তি পোস্তগোলা ব্রীজের সামনে রাস্তা পার হওয়ার সময় দূর্ঘটনার শিকার হন।

ডিআইটি রোডে সংঘটিত অপর এক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (২৭) এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ফরিদপুরে তিনটি পৃথক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছে এক ব্যক্তি।

নিহতরা হলো - সীমা (২১) এবং তার ছোট ভাই সিহান (৪), ইউসুফ (২২), ট্রাক হেলপার এবং তামান্না (৩)।

শিবরামপুরে সংঘটিত সড়ক দূর্ঘটনায় সীমা ও সিহান ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হয় তাদের পিতা আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

এদিকে রাজবাড়ি মোড়ে বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর হেলপার ইউসুফ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এছাড়া, নগরকান্দায় বাসের চাপায় নিহত হয়েছে তামান্না নামের এক শিশু।

যশোরে গাঙনী নামক স্থানে সকালে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

দূর্ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং বাপ্পী (৮) নামের এক শিশু হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

দূর্ঘটনায় গুরুতর আহত জিসা নামের অপর এক শিশুকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হবিগঞ্জের ঢাকা-সিলেট হাইওয়েতে সৌদিয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ৫০ জন আহত হয়।

দূর্ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নীলফামারীর কাজীরহাট এলাকায় ট্রাক এবং সৈয়দপুরগামী একটি যাত্রী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন।

গুরুতর আহত ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকীদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বরিশাল এবং পটুয়াখালিতে সংঘটিত দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় ছয় জন আহত হয়েছে।

বরিশালের শিমুলতলী নামক স্থানে পটুয়াখালীগামী একটি বাস কাঠবোঝাই একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাক আরোহী ছয়জন মারাত্মক আহত হয়। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালির দুমকী নামক স্থানে মোটরসাইকেল উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে দুই যুবক গুরুতর আহত হয়। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।