জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষিকা আহত
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামে শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে শিবালয় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহারের ওপর প্রতিপক্ষ মো: রাজ্জাকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় কামরুন নাহার গুরুতর আহত হলে তাকে উথলী হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর, রফিকুল ও গোলাম নবীকে গেফতার করেছে। দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল।
