২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজারে আগুন, ওএমএসের চাল ১৬ টাকা!

ঢাকা মহানগরীতে শুক্রবারের বাজারে ছিল মধ্যবিত্তর নাভিশ্বাস। নির্ধারিত বাজেটের মধ্যে বাজার শেষ করতে পারেননি কেউ। অনেককে চাহিদার তুলনায় কম বাজার করেই ঘরে ফিরতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাজারে চালের দাম কিছুটা কমলেও তা ছিল সাম্প্রতি বৃদ্ধির তুলনায় নিতান্তই কম। মাত্র ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত কমেছে চালের দাম। তবে বাজারের সবচেয়ে নিু মানের মোটা চালের দামও প্রায় সাড়ে ১৭ টাকা। সরকারিভাবে খোলা বাজারে বিক্রির জন্য ওএমএসের চালও বাজারে দেড় টাকা বেশি দামে ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছ-মাংসের সাথে সাথে তরি-তরকারীর বাজার আবারও গরম হয়ে উঠেছে। ৬ টাকার বেগুন মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৫০ শতাংশ বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ১৬ টাকায়।

সরবরাহ ঘাটতির অজুহাতে এক সপ্তাহে মুরগীর দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। মাংসের দাম ১০ শতাশং এবং মাছের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

চাল দোকানী ও ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, প্রতি কেজি বিআর-২৮ ও লতা ২৮ টাকা, নাজির শাল ২২ টাকা, মিনিকেট ২৪ থেকে ২৬ টাকা, পাইজাম ১৯ টাকা, পারিজাত ১৮ টাকা এবং ইরি ১৮ টাকা।

ওএমএস’র বিক্রির চাল ১৬ টাকায় বিক্রি হচ্ছে। এর প্রকৃত সরকারি দর মাত্র সাড়ে ১৪ টাকা।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ওএমএস’র চাল বেশির ভাগই চলে যাচ্ছে দোকানীদের হাতে। তারা এগুলো কিনে রেখে বিক্রি করে দিচ্ছে। ডিলাররা এসব চাল খোলা বাজারে ঠিক মতো বিক্রি করছে না।

মোহাম্মাদপুর টাউনহল বাজার, ইব্রাহিমপুর বাজার, হাতিরপুল বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ওএমএস’র ব্যানার পাওয়া গেছে ঠিকই, কিন্তু কোনো ডিলারকে ওএমএস’র চাল বিক্রি করতে দেখা যায়নি। অন্যদিকে ওএমএস’র চাল এলাকার প্রায় প্রতিটি দোকানেই ঠিকই বিক্রি হচ্ছে একেবারে প্রকাশ্যে।

মাংসের বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংস ১১০ টাকা, খাসির মাংস ২০০ থেকে ২২০ টাকা, ব্রয়লার মুরগী প্রতি কেজি ৭৮ থেকে ৮০ টাকা, দেশী মুরগী ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দোকানীরা জানান, বাজারে মুরগীর সরবরাহ একেবারেই কমে গেছে। ফলে তারা ক্রেতা চাহিদা পূরণ করতে পারছেন না। তবে এ সরবরাহ ঘাটতির কারণ সম্পর্কে তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। অন্যদিকে মাছের বাজারেও আগুন লেগেছে। প্রতি কেজি মাছের দাম বেড়েছে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।কিছু কিছু মাছের দাম স্থিতিশীল থাকলেও এগুলো এখনও মধ্যবিত্তর নাগালের বাইরে।

বাজারে বড় ইলিশ ১৩০ থেকে ১৪০ টাকা, ছোট ইলিশ ১২০ থেকে ১৩০ টাকা, বড় রুই ১০০ টাকা, ছোট রুই ৭০ থেকে ৮০ টাকা, কাতলা ৭০ থেকে ৮০ টাকা, মাগুর ২৫০ থেকে ৩৫০ টাকা, বড় শিং মাছ ২৪০ টাকা, ছোট শিং মাছ ১৪০ থেকে ১৮০ টাকা, টেংরা ৭০ থেকে ৮০ টাকা, ছোট মাছ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একমাত্র ডিমের বাজারই খানিকটা স্থিতিশীল। প্রতি হালি ডিম ১৩ থেকে ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারগুলোতে আলু ৬ থেকে ৭ টাকা, টমেটো ১০ টাকা, গাজর ১০ টাকা, ক্ষিরা ১০ টাকা, শষা ১৬ থেকে ২০ টাকা, বেগুন ১৬ টাকা, ঢেড়স ১৬ থেকে ২০ টাকা, করলা ২০ থেকে ২৪ টাকা, উস্তে ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে নতুন এসেছে পাট শাক। এর দামও একবারে পিলে চমকানো। ১৫ থেকে ২০টি পাটের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ৪ টাকায়। লাল শাকের প্রতিটি আঁটির দাম ৪ থেকে ৫ টাকা। পুঁই শাকের দাম স্বাভাবিক; ২০ টাকা, লাউ শাক ১২ টাকা।

সয়াবিন তেল ৫৪ টাকা কেজি,  সর্ষের তেল ৬০ টাকা, পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা, রসুন ৩২ থেকে ৩৬ টাকা, মসুর ডাল ৪৬ থেকে ৪৮ টাকা, বুটের ডাল ৩২ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। লবন ও আটার দামও স্থিতিশীল।