২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কর্মচারীর হাতে হোটেল মালিক খুন

কক্সবাজার সমুদ্র সৈকতের একটি হোটেলের মালিককে বুধবার দিবাগত রাতে তারই এক কর্মচারী জবাই করে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পুলিশ জানায়, বুধবার রাতে হোটেলের কাজ সেরে মালিক মোস্তফা (৪০) ও অন্যান্য কর্মচারীরা ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ৪ টায়  কর্মচারী গিয়াস উদ্দিন বটি দিয়ে কুপিয়ে মোস্তফাকে খুন করে পালিয়ে যায়। অন্য এক কর্মচারী শুক্কুর হঠাৎ জেগে মালিকের এ অবস্থা দেখে তাৎক্ষনিক রাস্তার অপর পাশে থাকা সৈকত পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কর্মচারীরা জানায়, ঘাতক গিয়াস উদ্দিন হোটেলের রান্না ঘরে কাজ করতো। তার কয়েক মাসের বেতন বাকি থাকায় সে মালিকের কাছে বেতন দাবী করেছিল। এতে মালিক তাকে মারধর করে। ধারনা করা হচ্ছে এ ঘটনায় ক্ষুব্ধ হয়েই গিয়াসউদ্দিন মালিককে খুন করেছে।

পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করতে না পারলেও  কর্মচারী শুক্কুর সহ অপর ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিহত মোস্তফার বাড়ী বরগুনা জেলার ভাবনা এলাকায়। সে প্রায় ১৮/২০ বছর আগে কক্সবাজারে এসে স্থানীয় ভাবে বিয়ে করে বসতি স্থাপন করে।

গিয়াস উদ্দিনের বাড়ী সিলেটের কানাই ঘাট এলাকায় বলে জানা গেছে।