কারা কর্তৃপক্ষের অবহেলায় অতিরিক্ত ২৯ মাস কারাভোগের পর যুবক মুক্ত
মেয়াদ শেষ হওয়ার পরও কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে ২৯ মাস অতিরিক্ত কারা ভোগ করতে হয়েছে সুলতান মাহমুদ নামে এক যুবককে। অবশেষে সাংবাদিকদের তৎপরতায় আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষ বুধবার তাকে মুক্তি দেয়।
কারা কর্তৃপক্ষ জানায়, রায়ের কাগজ হাতে না পাওয়ায় এ দুঃখজনক ঘটনা ঘটেছে। জেলার কলারোয়া উপজেলার বৈদ্যপুর গ্রামের মোহর আলীর ছেলে সুলতান মাহমুদ ১৯৯৮ সালের ১৭ ফেব্র“য়ারি নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়। ১৯৯৯ সালের ৩ মার্চ আদালতের অতিরিক্ত দায়রা জজ দিদার আলী তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
ওই রায়ের বিরুদ্ধে আসামী পক্ষ হাই কোর্টে আপিল করে। আপিলের রায়ে তার ১০ বছরের সাজা কমিয়ে সাত বছর করা হয়।
এরই মধ্যে সুলতান কারাগার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্র্ণ হয়। এর পর ডিগ্রী পরীক্ষা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কোন সাড়া পাওয়া যায়নি।
এক বছরের সাধারণ ক্ষমা মঞ্জুর হওয়ায় ২০০২ সালের নভেম্বরে তার সাজার মেয়াদ শেষ হয়। কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে রায়ের কাগজ না পাওয়া যাওয়ায় তাকে অতিরিক্ত সাজা ভোগ করতে হয়। এ ব্যাপারে স্থানীয় একটি পত্রিকায় একটি রিপোর্ট বের হলে কারা কর্তৃপক্ষের টনক নড়ে।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে অনেক খোঁজাখুজির পর সুলতানের কাগজপত্র পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তাকে সাতক্ষীরা কারা কর্তৃপক্ষ মুক্তি দেয়।
কারাগার থেকে মুক্ত হয়ে সুলতান প্রশ্ন করে, কে ফিরিয়ে দিবে আমার জীবনের ২৯টি মাস?
