‘মুক্তিযুদ্ধের অন্যতম উপন্যাস সোনালী ঈগল ও উদ্বাস্তু সময়’
সাংবাদিক হারুন হাবীবের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক উপন্যাস ‘সোনালি ঈগল ও উদ্বাস্তু সময়’ এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যের অন্যতম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।
বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অধ্যাপক মমতাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) আমিন আহমদ চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারী, মাজহারুল হক পিন্টু এবং গ্রন্থের লেখক হারুণ হাবীব। অসুস্থ কবি শামসুর রাহমানের লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক সালেহ চৌধুরী।
মেজর জেনারেল (অব.) আমিন আহমদ চৌধুরী বলেন, এই গ্রন্থে আর্মি মুভমেন্টর কথা নেই। আছে গণমানুষের আত্মানুসন্ধানের কথা।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, এই গ্রন্থের মাধ্যমে নতুন প্রজন্ম অনায়াসে মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে নিতে পারবে।
গ্রন্থের লেখক হারুন হাবীব বলেন, এই গ্রন্থের মাধ্যমে যদি নতুন প্রজন্ম যদি পূর্ব প্রজন্মের ইতিহাস জানতে পারে, তাহলে আমার শ্রম সার্থক বলে মনে করবো।
