২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক এমএন নন্দী আর নেই

উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার এম এন নন্দী মঙ্গলবার সকালে ভারতের জলপাইগুড়িতে তার বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মৃত্যুর সময় তিনি স্ত্রী শান্তি নন্দী, দুই পুত্র ভাস্কর ও শেখর নন্দী এবং দুই কন্যা ইন্দিরা এবং ড. মন্দিরা নন্দী সহ আত্মীয়স্বজন এবং বহু শুভাকাঙ্খী রেখে যান।

ড. নন্দী ১৯১০ সালের ১৯ ডিসেম্বর ফেনী জেলায় জন্ম গ্রহণ করেন।

তিনি কলকাতা কারমাইকেল মেডিকেল কলেজ (বর্তমান নাম এরজি কার মেডিকেল কলেজ) থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। পরীক্ষায় তিনি প্রথম স্ট্যান্ড করায় কলেজ থেকে তাকে লে. ক. সর্বাধিকারী গোল্ড মেডেল প্রদান করা হয়।  

ড. নন্দী ১৯৩৯ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে তৎকালীন ভাগ্যকুলের জমিদারের আহ্বানে এবং পৃষ্ঠপোষকতায় একটি মেডিকেল স্থাপন করেন।

এখানে তিনি একদল নিবেদিতপ্রাণ ডাক্তারের সহায়তায় ১৯৩৯ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত হাজার হাজার দুঃস্থ ও গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

১৯৪৭ সালে দেশ বিভাগের সময় যখন হিন্দু ডাক্তারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে যায়, তখন ড. নন্দী বাংলাদেশেই থেকে যান। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর হিসেবে যোগ দেন। ১৯৪৯ সাল পর্যন্ত এখানে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় তার সুখ্যাতি গোটা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে।

ড. নন্দী দেশে বিভিন্ন খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং সাহিত্যিকদের চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানি, শেরে বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবর রহমান, আবুল হাশেম এবং চিত্রশিল্পী কামরুল হাসান।

তিনি ছিলেন পাকিস্তান মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়া জলপাইগুড়িতে থাকাকালীন তিনি সর্বভারত মেডিকেল এসোসিয়েশনের সেই অঞ্চলের সভাপতি ছিলেন।

ড. নন্দী ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হন। তিনি পশ্চিম বাংলার জলপাইগুড়িতে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করেন।

৫০ এর দূর্ভিক্ষের সময় চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য সেসময় তাকে গভর্নর স্বর্ণপদক প্রদান করেন। এছাড়া চিকিৎসা সেবার বিশেষ অবদানের জন্য ভারত মেডিকেল এসোসিয়েশন তাকে সম্মানিত করে।