২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. গালিবের আহলে হাদিস কার্যালয়ে তল্লাশি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আহলে হাদীস আন্দোলনের আমীর ড. গালিবকে গ্রেফতারের তিন সপ্তাহ পর পুলিশ নগরীর নওদাপাড়াস্থ আহলে হাদীস কার্যালয়ে সোমবার রাতে তল্লাশি চালিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জানা গেছে, পুলিশ তার ‘ফিনান্সিয়াল ডকুমেন্টস’ অনুসন্ধানে এই তল্লাশি চালায়। গ্রেফতারের তিন সপ্তাহ পর এই তল্লাশির কারণে ড. গালিবের ঘটনা তদন্তে পুলিশের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ড. গালিবের ব্যবহৃত কম্পিউটারটি এখনও জব্দ করা হয়নি। তাছাড়া আহলে হাদীসের মুখপত্র আত্হারিক পত্রিকার চলতি মাসের সংখ্যা কোন কোন দেশে কাদের কাছে পাঠানো হয়েছে, সে ব্যাপারেও গোয়েন্দারা এখনও কিছু জানে না।

ড. গালিবের বাসভবন, মাদ্রাসা, প্রস্তাবিত ইসলামি বিশ্ববিদ্যালয়, আহলে হাদিস আন্দোলনের প্রধান কার্যালয় ও যুব সংগঠনের প্রধান কার্যালয় অবৈধভাবে নির্মিত হয়েছে বলে যেসব অভিযোগ রয়েছে, তারও কোনও তদন্ত হয়নি।

গ্রেফতারের এতদিন পার হলেও গালিবের জঙ্গি কর্মকাণ্ডের ব্যাপারে তেমন কোনও অনুসন্ধান না হওয়ায় গোয়েন্দা সংস্থার তৎপরপতা সম্পর্কে অনেকেই  প্রশ্ন তোলে। এ কারণেই সোমবার রাতে বগুড়া ও গাইবান্ধা থানা পুলিশ এ অভিযান চালায় বলে ধারণা করা হচ্ছে।

তল্লাশি অভিযানে পুলিশ দুটি ব্যাংক একাউন্টের পাসবই ও চেক বই ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছু উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

ড. গালিব উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বোমা হামলার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

একটি সূত্র জানায়, গালিব গ্রেফতার হওয়ার আগেই তার ব্যক্তিগত এবং কার্যালয়ের কম্পিউটারগুলো সরিয়ে ফেলা হয়।