ব্যাখ্যা চাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইউনোকলকে গ্যাস পরিবহনের অনুমতি
পাইপলাইন পরীক্ষায় সন্তুষ্ট হতে না পেরে ইউনোকলের কাছে ব্যাখ্যা চাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন তেল কোম্পানিটিকে পাইপলাইন দিয়ে গ্যাস পরিবহনের সবুজ সংকেত দিয়েছে সরকারের প্রধান বিষ্ফোরক পরিদর্শক ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউনোকলের একজন স্থানীয় কর্মকর্তার তদ্বিরের ফলে সরকারের উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপের কারণে বিষ্ফোরক অধিদপ্তর দ্রুত গ্যাস পরিবহনের অনুমতি দেয়ার এই সিদ্ধান্তটি নেয়।
প্রধান বিষ্ফোরক পরিদর্শক নুরুল আলম বিডিনিউজের কাছে দাবি করেন, ব্যাখ্যা চাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইউনোকলের দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য হওয়ায় তারা মৌলভীবাজার প্রসেস প্ল্যান্ট থেকে রশিদপুরে জাতীয় গ্রিড পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ উচ্চ চাপসম্পন্ন পাইপলাইন দিয়ে গ্যাস পরিবহনের অনুমতি দিয়েছে।
তবে এতো অল্প সময়ে ইউনোকলের ব্যাখ্যা কিভাবে গ্রহণযোগ্য হলো, সে ব্যাখ্যা তার কাছে নেই।
সূত্ররা জানায়, মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে ইউনোকল দ্রুত গ্যাস সরবরাহ শুরু করতে চাওয়ার কারণে কোম্পানিটি ‘অগ্রহণযোগ্য’ পরীক্ষা চালায়। একই কারণে তারা সরকারের উচ্চ পর্যায়ে তদ্বিরের মাধ্যমে দ্রুত বিষ্ফোরক অধিদপ্তরের অনুমতি আদায় করে নেয়।
১৯৯৮ সালে একই ধরণের সমস্যার কারণে হ্যালিবার্টনের ডিক চেনি, যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, কয়েকদিন ঢাকায় অবস্থান করেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বঙ্গোপসাগরের সাঙ্গু ক্ষেত্র থেকে সরবরাহ উদ্বোধন করতে পারেননি।
তখন প্রধান বিষ্ফোরক পরিদর্শক বলেন, বিষ্ফোরক অধিদপ্তরের অনুপস্থিতিতে কোন পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। সাঙ্গু থেকে সলিমপুর পর্যন্ত পাইপলাইনের দ্বিতীয় দফা পরীক্ষার পরই প্রধান বিষ্ফোরক পরিদর্শক গ্যাস পরিবহনের অনুমতি দেন।
ইউনোকল গত ৮ মার্চ পাইপলাইনটি দিয়ে ২৪ ঘন্টা ধরে পানি প্রবাহ করে পরীক্ষা চালিয়ে দেখে, এতে কোনও ছিদ্র আছে কিনা এবং এটি চাপ নিতে সক্ষম কিনা। মার্কিন কোম্পানিটি পরে ১০ মার্চ বিষ্ফোরক অধিদপ্তর থেকে গ্যাস পরিবহনের অনুমতি চায়। অধিদপ্তর ১৩ মার্চ প্রথমে দীর্ঘ এক চিঠিতে এ ব্যাপারে ব্যাখ্যা চায়। আবার একই দিনে এক বাক্যের আরেকটি চিঠিতে গ্যাস পরিবহনের অনুমতি দিয়ে দেয়। বিডিনিউজ দুটি চিঠিই সংগ্রহ করেছে।
বিষ্ফোরক অধিদপ্তর প্রথম চিঠিতে বলে, প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালা ১৯৯১ এর বিধি ৮ অনুযায়ী চালু গ্যাস যাতে পিগিং (পরিষ্কার) করা যায়, তার ব্যবস্থা রাখতে হবে। এই ব্যবস্থা গ্যাস সঞ্চালনের আগেই স্থাপন করতে হয়। বিষ্ফোরক অধিদপ্তর জানতে চায়, চালু লাইনে পিগিং এর ব্যবস্থা আছে কিনা।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ১৪ ইঞ্চি পাইপলাইনটিতে পরীক্ষার পর ১৪ী১০ ইঞ্চি ভাল্ব বসানো হয়েছে। ভাল্বের আকার ছোট হওয়ায় পাইপলাইনটিতে কখনই পিগিং সম্ভব হবে না।
বিষ্ফোরক অধিদপ্তরের চিঠি অনুযায়ী পাইপলাইনে ‘পরীক্ষণ চাপে উন্নীত করার পর স্থিত হওয়ার জন্য মাত্র এক ঘন্টা সময় দেয়া হয়েছে, যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কোড অনুসারে সন্তোষজনক নয়।’
এতে আরো বলা হয়, ‘পরীক্ষণ কাজে চাপ রেকর্ডারের সাথে কোন তাপমাত্রা রেকর্ডার লাগানো হয়নি।’
সূত্র জানায়, ১৪০০ পিএসআইজি গ্যাস পাইপলাইনটিতে নিয়ম অনুযায়ী দেড় গুণ চাপে (২২২৫) পানি প্রবাহ করা হয়। পরীক্ষাকালে চাপের মাত্রা কমে পাঁচ। ‘কিন্তু যেহেতু তাপমাত্রা রেকর্ডার ছিলনা, তাই বলা যাবেনা কেন চাপ কমলো,’ বললেন এ খাতের একজন বিশেষজ্ঞ।
প্রধান বিষ্ফোরক পরিদর্শকের চিঠিতে বলা হয়, বিষ্ফোরক অধিদপ্তরের প্রতিনিধির কাছ থেকে জানা যায় ‘পরীক্ষাস্থলে কোন ডেড ওয়েট টেস্টার ছিলনা। অধিকন্তু, চার্টে অধিদপ্তরের প্রতিনিধি বা জিটিসিএল এমনকি আপনাদের (ইউনোকল) কোন প্রতিনিধিরও স্বাক্ষর নেই।’
