শিল্পকলা একাডেমীতে ১৭ মার্চ আদিবাসী উৎসব শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আগামী ১৭ মার্চ থেকে তিন দিন ব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে।
উৎসবের আয়োজক বেসরকারি সংস্থা সেড’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আদিবাসী জনজাতির জীবনযাত্রা, সংস্কৃতি এবং এ সবের ওপর আলোকচিত্র প্রদর্শিত হবে।
চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, রাখাইন, চাক, বম, তঞ্চঙ্গ্যা, খিয়াং, মনিপুরী, খাসিয়া, সাঁওতাল, ওঁরাও, এবং চা শ্রমিক সম্প্রদায়ের শিল্পীরা উৎসবে অংশগ্রহণ করবেন।
১৭ মার্চ বেলা ২ টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হলেও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষিত হবে ওই দিন সন্ধ্যায়।
পরদিন ১৮ মার্চ সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের আদিবাসীদের জীবন, ভাষা ও সংস্কৃতি বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার ।
