নারায়ণগঞ্জের ফতুল্লায় দু’জনকে ইটের ভাটায় পুড়িয়ে মারার অভিযোগ
ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ফতুল্লার বক্তাবলীর একটি ইটের ভাটায় দু’জনকে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।
শহীদুল্লাহ ওরফে শহীদ এবং তার বন্ধু দেলোয়ার হোসেন দেলুকে ইটের ভাটায় পুড়িয়ে মারার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
সোমবার বিকালে ঢাকার কামরাঙ্গীর চরের বড়গ্রাম এলাকার ব্যবসায়ী শহীদুল্লার স্ত্রী আসমা বেগম ফতুল্লা থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ফতুল্লার পূর্ব রসুলপুরের ব্যবসায়ী গিয়াসউদ্দিনের সাথে কয়েক বছর ধরে শহীদ কেরানীগঞ্জের কেওঢালায় ইটের ব্যবসা করে আসছিল।
শহীদ গিয়াসউদ্দিনের কাছে বিপুল অঙ্কের টাকা পাওনা হলে উভয়ের মধ্যে এ নিয়ে বিরোধ দেখা দেয়। গত ৯ মার্চ ফোনে দেনাদার গিয়াসউদ্দিন পাওনাদার শহীদকে টাকা নেওয়ার জন্য ফতুল্লার বক্তাবলীতে আসতে বললে শহীদ তার বন্ধু দেলুকে নিয়ে ওই স্থানে যায়। তারপর থেকে তারা দু’জন নিখোঁজ রয়েছে।
শহীদের স্ত্রী আসমার ধারণা, তার স্বামী ও স্বামীর বন্ধুকে হাত-পা বেঁধে ইটের ভাটায় ফেলে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে গিয়াসকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলছে। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
