২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি কার্যক্রম প্রতিরোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

জঙ্গি কার্যক্রম প্রতিহত করতে এবং দেশব্যাপী গ্রেনেড হামলাকারীদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাস্মপন্ন একটি গোয়েন্দা কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির নিয়মিত বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও পুলিশকে রাজধানীর বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে ঘেড়াও অভিযান পরিচালনারও নির্দেশ দেয়া হয় বৈঠক থেকে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, অনেক অপরাধীই পরিচয় গোপন করে এসব হোটেল বা বস্তিতে অবস্থান করে।

সভায় মন্ত্রী যেসব মামলা পাঁচ থেকে ছয় মাস ধরে ঝুলে আছে সেগুলো অতি দ্রুত নিস্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়াও তিনি এসব মামলার গতিধারার ওপর নজর রাখার জন্য ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের ওপর দায়িত্ব দেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশ বর্তমানে বাংলা ভাইকে খুঁজছে।

তিনি বলেন, এছাড়াও পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে নগরীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান চালাবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে সরকার ৭২টি নতুন গাড়ি আমদানী করে সড়কে টহল জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রী জানান।

বাবর বলেন, গত ছয় মাসে গোটা দেশ জুড়ে আইন শৃংখলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।

সভায় নগরীর অপরাধ মূলক কর্মকাণ্ডের একটি পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন তুলে ধরে পুলিশের মহাপরিদর্শক আশরাফুল হুদা এ উন্নতির কথা জানান।