২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় বিডিআর ও বিএসএফ’র সীমান্ত সংলাপ শুরু

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সোমবার থেকে চার দিনব্যাপী বিডিআর ও বিএসএফ’র উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর বিপরীতে ভারত কাঁটাতারের বেড়া  নির্মাণ এখনও অব্যাহত রেখেছে।

চার দিনব্যাপী সীমান্ত বৈঠকে যোগ দিতে বাংলাদেশ রাইফেলস এর উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম গোলাম রাব্বানীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই আখাউড়া চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় পৌঁছেছে।

বাংলাদেশের এ প্রতিনিধি দলটিকে ত্রিপুরা সীমান্ত এলাকায় স্বাগত জানান বিএসএফের উপ-মহাপরিদর্শক ডিআইজি গজেন্দ্র সিং চৌধুরী।

আগরতলা যাওয়ার আগে প্রতিনিধি দলের নেতা গোলাম রব্বানী বিডিনিউজকে জানান, সীমান্তে বিএসএফ কর্তৃক সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবৈধভাবে কাঁটাতারের বেড়া, পাকা রাস্তা ও ব্রিজ নির্মাণসহ সাতটি সুনিদিষ্ট বিষয়ে দু’পক্ষের  মধ্যে আলোচনা হবে।

এদিকে খুলনা প্রতিনিধি জানান, চার দিনব্যাপী ওই বৈঠক সোমবার থেকে শুরু হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর বিপরীতে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রেখেছে। তাদের এ বেড়া নির্মাণের কাজ এখন প্রায় শেষের পর্যায়ে।

সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তের প্রায় ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতার বেড়ার কাজ সম্পন্ন করে এনেছে ভারত। অবৈধ এই নির্মাণ নিয়ে এখন দু’দেশের সীমান্ত পর্যায়ে বিডিআর ও বিএসএফর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।