হুমায়ুন আজাদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষকরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা রোববার এক স্মরণসভায় ঢাবির অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আজাদের হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এখন পর্যন্ত হুমায়ুন আজাদের ওপর হামলাকারীদের কেউ গ্রেফতার না হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে বাংলা একাডেমীর সামনে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। ওই বছর ২১ আগস্ট জার্মানির মিউনিখে তিনি মারা যান।
অধ্যাপক হুমায়ুন আজাদের স্মরণে আয়োজিত সভায় বক্তারা বলেন, ঘটনার এক বছর পার হলেও হামলাকারীদের গ্রেফতারে সরকারের কোনোই অগ্রগতি নেই।
বাংলা বিভাগের আয়োজনে এ স্মরণসভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশ এমন এক রাষ্ট্র যেখানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কেউ ন্যায়বিচার পায় না।
যারা সংসদে হুমায়ুন আজাদের লেখার বিরোধিতা করে বক্তব্য রাখে তাদের এ হামলার জন্য দায়ী করে বক্তারা নিন্দা জানান।
অধ্যাপক আজাদের স্ত্রী কোহিনুর আজাদ তার বক্তব্যে বলেন, তার স্বামী মুক্তচিন্তার মানুষ ছিলেন এবং তিনি সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখে গেছেন। এ জন্যই তাকে জীবন দিতে হয়েছে।
স্মরণসভায় ড. আনিসুজ্জামান বলেন, বাংলাসাহিত্যে হুমায়ুন আজাদের যে অবদান তা বাঙালি জাতি স্মরণ রাখবে।
বাংলা বিভাগের চেয়ারম্যান এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে অধ্যাপক আহমেদ কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক নুরুর রহমান খান, অধ্যাপক আ. জলিল. অধ্যাপক রাবেয়া মঈন, অধ্যাপক রফিকুল্লাহ খান এবং বায়তুল্লাহ কাদেরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
