২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বয়লার বিস্ফোরণের নেপথ্যে রয়েছে জায়গা দখলের সুদূরপ্রসারী পরিকল্পনা।

জেলার ফতুল্লা থানার কাশীপুর এলাকায় শুক্রবার রাতে ডাইং ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণের নেপথ্যে রয়েছে দেশী নিু মানের বয়লার ব্যবহারসহ জায়গা দখলের সুদূরপ্রসারী পরিকল্পনা। দুর্ঘটনার পর সরেজমিন অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ওই জায়গার মালিক তোফাজ্জল হোসেন তার ভাড়াটে ডাইং মালিকদের কার্যকলাপ  দেখে দুর্ঘটনা আঁচ করতে পারেন। তাই তিনি গত বছরের অক্টোবর মাসে ফতুল্লা থানায় একটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু দীর্ঘ পাঁচ মাসেও তোফাজ্জল হোসেনের দায়ের করা জিডিটি তদন্ত করেনি সংশ্লিষ্ট থানা পুলিশ।

এলাকাবাসী বলছেন, অবশেষে গত শুক্রবার গভীর রাতে সংঘটিত বয়লার বিস্ফোরণের ঘটনায় জিডির বাদী তোফাজ্জল হোসেন প্রাণ বিসর্জন দিয়ে প্রমান করলেন, ‘পুলিশের খাতায় দায়ের করা অধিকাংশ জিডিই তদন্ত হয়না।’

এদিকে, দুর্ঘটনার পর থেকে ওই জায়গা ভাড়াটিয়া ডাইং মালিকরা এখন পলাতক।

অনুসন্ধানে জানা যায়, ১৯৯৮ সালে তারা নিহত তোফাজ্জল হোসেনের কাছ থেকে ডাইং করার জন্য ছয় বছরের চুক্তিতে ভাড়া নেয়। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর জায়গার মালিক তোফাজ্জল হোসেনকে জায়গা বুঝিয়ে না দেওয়ায় একাধিকবার সালিশী হয়।

এলাকাবাসী জানায়, উক্ত ব্যাক্তিরা জায়গা বুঝিয়ে না দিয়ে তা নামমাত্র মূল্যে কিনে নেওয়ার জন্য নানা ভাবে চাপ দিতে থাকে। পরিবার পরিজন নিয়ে তোফাজ্জল হোসেন মাথা গোজার জায়গা ছাড়তে অস্বীকার করায় নানা ভাবে হুমকি আসতে থাকে।

এদিকে ডাইং পরিচালনাকারীরা দেশীয় প্রযুক্তিতে তৈরী বয়লার ব্যবহার করে কাপড় রঙিন করার কাজ করছিল।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ যথাসময়ে উদ্যোগী হলে এমন নৃশংস ঘটনা ঘটতো না। তাদের মতে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি প্রশাসনকে খুঁজে বের করতে হবে ফতুল্লা শিল্পাঞ্চলে জীবন ঝুঁকির মধ্যে জোড়াতালি দিয়ে এমন কতগুলো ডাইং ফ্যাক্টরি চলছে।