প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পথে বাধা দিলে খোদার কসম হরতাল সমর্থন করবো : ড. কামাল হোসেনের ঘোষণা
জাতীয় ঐক্যমঞ্চের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, খুব শীগগিরই তিনি নির্যাতিত গণমানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গ্রেনেড-বোমা হামলাসহ সরকারের ব্যর্থতা ও দু:শাসনের জবাব চাইতে যাবেন। তাকে বাধা দেয়া হলে তিনি হরতালের মতো কর্মসূচিও দিতে পারেন।
শনিবার ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে কামাল হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমি হরতাল সমর্থন করিনা। কিন্তু আমাদের পথে বাধা দেয়া হলে খোদার কসম আমি হরতালের পক্ষ নেবো।’
সমাবেশে বক্তৃতাকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী এমপি বলেন, অত্যাচারি নির্বোধদের রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাতের জন্যে প্রয়োজন জাতীয় ঐক্যের। দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে থেকে কেউই বাঁচতে পারবেন না।
তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কাদের সিদ্দিকী বলেন, অসুস্থ দেশের সুস্থতার জন্যে ড. কামাল হোসেনের নেতৃত্বের বিকল্প নেই।
জাতীয় ঐক্য মঞ্চ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাইদুর রহমান সাইদ।
বক্তব্য রাখেন গণ ফোরাম প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জহিরুল ইসলাম, পংকজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, জাতীয় ঐক্যমঞ্চের সদস্য সচিব কমাণ্ডার (অব.) আব্দুর রউফ, সাবেক হুইপ আব্দুর রউফ, দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।
সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
