২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগর ট্রাজেডি: প্রতারক ট্রাভেল এজেন্সি উদ্বোধন করেন এক প্রভাবশালী মন্ত্রী

অবৈধভাবে স্পেনে লোক পাঠানোর সময় ভূমধ্যসাগরে ১১ জন যুবকের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পুলিশ বলছে, এখনও মামলা না হওয়ায় তারা প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

অনুসন্ধানে জানা যায়,  এদিকে কিছুদিন আগে প্রতারক ট্রাভেল এজেন্সিটি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী উদ্বোধন করেন।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম বিডিনিউজকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি এবং ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।

দালালের খপ্পরে পড়ে মাছ ধরা নৌকায় করে মরক্কো থেকে ভূমধ্যসাগর দিয়ে স্পেন যাওয়ার পথে ক্ষুধায় ১১ জন বাংলাদেশী যুবক গত মাসের ২৪ তারিখে মৃত্যু বরণ করে। হতভাগ্য এই তরুনদের মধ্যে ১০ জনের লাশ ফেলে দেওয়া হয় সাগরে।

প্রতিমন্ত্রী মেজর কামরুল বলেন, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দুর্ঘটনায় সৌভাগ্যবশত বেঁচে যাওয়া অপর যুবকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকার নিজ খরচে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলজেরিয়া সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বেঁচে যাওয়া ১৩ জন তরুন এখন আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এদিকে এই ঘটনায় হতভাগ্য তরুনদের পরিবারের কেউই এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি। ঘটনার মূলহোতা দোহার ট্রাভেলসের মালিক মোস্তাকের বাসা রমনা থানার মগবাজার এলাকায়। ঘটনার পাঁচদিন পার হলেও পুলিশ এখনও মোস্তাককে ধরার ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় হতভাগ্য যুবকদের পরিবার ক্ষোভ প্রকাশ করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এ বিষয়ে বিডিনিউজকে বলেন, যেহেতু কোনো পরিবারই এখন পর্যন্ত মামলা দায়ের করেনি, তাই আমরা এ ব্যাপারে এখনও কোনো উদ্যোগ নেইনি।

তিনি বলেন, ‘কোনো অভিযোগ ছাড়া তো আমরা কাউকে ধরতে পারি না!’

ওসি মাহবুব বলেন, যেহেতু দুর্ঘটনাটি বিদেশে হয়েছে তাই পুরো ব্যাপারটিই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো।

অন্যদিকে, দূর্ঘটনায় নিহত দুই ভাই মোসাদ্দেক এবং হিমেলের পরিবার জানায়, খুব শিগগিরই তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

তারা একই সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

দোহার ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী মোস্তাক আহমেদ এবং তার দালাল রিয়াজুল ইসলাম রাজুর খপ্পরে পড়ে স্পেনে যাওয়ার জন্য ২৪ জন যুবক ছয় থেকে আট লাখ টাকা দেয়। দুই প্রতারক এসব যুবকদের স্পেনে ইমিগ্রেশনের প্রলোভন দেখিয়ে ডিসেম্বরের ২৪ তারিখে কাতার এয়ারলাইন্সে ট্যুরিস্ট ভিসায় ঢাকা ত্যাগ করে। ঘটনার পর থেকেই দুই প্রতারক পলাতক রয়েছে।

নিহত ১১ জনের মধ্যে যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে, মোসাদ্দেক, হিমেল, ফরহাদ হোসেন, সোহেল রানা এবং আমির হোসেন।

কে এই মোস্তাক?

অনুসন্ধানে জানা যায়, দোহার ট্রাভেলসের মালিক প্রতারক মোস্তাক আহমেদের বাড়ি মুন্সীগঞ্জের দোহার উপজেলায়। এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন যে, মোস্তাক জোট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়।

তারা আরও অভিযোগ করেন যে, জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই মোস্তাক ওই মন্ত্রীর আশীর্বাদে তার অবৈধ আদম ব্যবসা জোরেশোরে চালিয়ে আসছে।

এলাকাবাসী আরও অভিযোগ করে যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই মন্ত্রী মোস্তাকের বারিধারার বসুন্ধরা হাউজিংÑএর ৪২০ নম্বর বাড়ি, ডি ব্লক -এর অফিসটি উদ্বোধন করেন।

অত্যাধুনিক এই বাড়িতে মোস্তাকের রয়েছে একটি টর্চার রুম। যে সব যুবকরা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে ফেরত চাইতো মোস্তাক তাদের এই রুমে নিয়ে নির্যাতন চালাতো বলে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই ভবনে মোস্তাক অবৈধভাবে স্যাটেলাইন টাওয়ার স্থাপন করলেও এ ব্যাপারে প্রশাসন সব সময়ই নির্বিকার থেকেছে।

মোস্তাকের এই টর্চার রুমে বিদেশ যেতে ইচ্ছুক অনেক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে।