২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সারা বছরে একটিও ক্লাশ না নেওয়ার ঘটনা তদন্ত করতে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের প্রথম বর্ষের বাংলা ফাউন্ডেশন কোর্সে বছরে একটিও ক্লাশ না নেওয়ার ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জান্নাতুল ফেরদাউস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ১০০ নম্বরের বাংলা ফাউন্ডেশন কোর্সের পরীক্ষা ছাড়াই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে বছরে একটিও ক্লাশ না নেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দারকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কলা অনুষদের ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, বাংলা বিভাগের অধ্যাপক ওয়াকিল আহমদ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক।

কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজকে জানান, বাংলা ফাউন্ডেশন কোর্সের ক্লাশ নেওয়ার জন্য ক্লাশকক্ষ নির্ধারণ করা দেওয়া হয়। বাংলা বিভাগসহ অনুষদের প্রতিটি বিভাগকে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়।

তিনি জানান, কিন্তু প্রথম বর্ষের ক্লাশ শুরু হয়ে যাওয়ার অনেক দিন পরও বাংলা ফাউন্ডেশন কোর্স ক্লাশ শুরু না করায় অনুষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ সেপ্টেম্বর বাংলা বিভাগকে আবার চিঠি দেওয়া হয়। এরপর ডীন কার্যালয় ও বাংলা বিভাগ বিভাগের মধ্যে ক্লাশ নেয়া নিয়ে কয়েক দফা চিঠি আদান-প্রদান করা হলেও বাংলা বিভাগ ক্লাশ নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

জানা যায়, ১৯৯৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রতিটি বিভাগে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজী ফাউন্ডেশন কোর্স চালু করা হয়।  ছাত্রছাত্রীদের ভাষায় দক্ষতা আনতে প্রত্যেকটিতে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের এই কোর্স চালু হয়। ইংরেজি ফাউন্ডেশন কোর্সের ক্লাশ ইতিমধ্যে শেষ হয়েছে।