২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএডিসি’র কাঠামো আবারো সংস্কার হচ্ছে : কর্মীরা আতংকিত

সরকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাঠামো আবারো সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বারবার সংস্কারের মাধ্যমে জনবল ছাটাই হওয়ায় রাষ্ট্রায়ত্ব এ কৃষি সংস্থাটির কর্মীদের মধ্যে বিরাজমান আতঙ্ক প্রকট আকার ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সূত্র জানায়, এ বছরের ৫ মার্চ বিএডিসির কাঠামো পূনর্বিন্যাসের জন্য একটি প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে প্রধান করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির কর্মকর্তারা কাঠামো পূনর্বিন্যাস, জনবল সংস্কার এবং বিএডিসির ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে একটি সুপারিশমালা প্রণয়ন করবে। দুই মাসের মধ্যে সুপারিশমালাসহ প্রতিবেদনটি দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৩ সালের পর আকস্মিকভাবে আবারো কাঠামো ও জনবল সংস্কারের ঘোষণায় বিএডিসির কর্মীদের মধ্যে নতুন করে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ২০০২ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের জুন মাস পর্যন্ত মোট ২,৩১০ জন স্থায়ী এবং ১,৬০৩ জন অস্থায়ী কর্মী চাকরি হারায়।

বিএডিসি সূত্রে জানা যায়, সর্বশেষ পুনর্গঠনের পর সংস্থাটিতে ৬,৮০০টি পদ রাখা হয়। এ সময় সরকার উন্নয়ন প্রকল্পভুক্ত সংস্থাটির সবগুলো পদই রাজস্ব খাতে নেওয়ার প্রতিশ্র“তি দেয়। তবে দু’বছরেও সরকারের এ প্রতিশ্র“তির বাস্তবায়ন হয়নি।

বৃহস্পতিবার বিএডিসি’র চেয়ারম্যান মোখলেসুর রহমান বিডিনিউজকে বলেন, সর্বশেষ পুনর্গঠনের পর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়া মে মাসের মধ্যে শেষ হবে।

তিনি বলেন, বিএডিসির ক্রমবর্ধমান উন্নয়ন প্রকল্প চালু রাখতে আরো জনবল দরকার। এক্ষেত্রে জনবল ছাটাইয়ের বিষয়টি অপ্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সেচ, বীজ এবং সারের সরবরাহ নিশ্চিত করতে ২৩টি প্রকল্প চালু রয়েছে। এ অবস্থায় জনবল আরো কমানো হলে এ কাজে স্থবিরতার সৃষ্টি হবে। ফলে কৃষি উৎপাদন হ্রাস পাবে।