২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপি- প্রতিবেদন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি বৃহষ্পতিবার ঢাকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে ৯০ এর দশকে বাংলাদেশে কেবল হরতালের কারনেই ৩ থেকে ৪ শতাংশ জিডিপি হ্রাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বিয়ন্ড হরতালস : টুওয়ার্ডস ডেমোক্রেটিক ডায়ালগ ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, হরতাল কমিয়ে আরো বেশি করে আলোচনায় বসার প্রক্রিয়া চালু হলে দারিদ্র কমানো সম্ভব হবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জুর্গেন লিসনার এ প্রতিবেদনটি উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কোয়ার গ্র“পের চেয়ারম্যান শামস এইচ চৌধুরী এবং স্কলাসটিকা’র চেয়ারপার্সন ইয়াসমিন মোর্শেদ।

তবে ইউএনডিপি’র এ বক্তব্যে দ্বিমত পোষণ করেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান। তিনি বলেন ৮০’র দশকে প্রায়শঃই হরতাল কর্মসূচি থাকা সত্ত্বেও সেসময় জিডিপি প্রবৃদ্ধির উচ্চ হার বিরাজ করছিলো। তাই হরতালের কারনেই যে জিডিপি হ্রাস পাচ্ছে এমন বক্তব্য সঠিক নয়।

হরতালে সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, ‘যখন একটি বড় দল দেশব্যাপী হরতাল কর্মসূচির ডাক দেয় তখন গোটা দেশই অচল হয়ে পড়ে। দোকান পাট, ব্যাবসা প্রতিষ্টান এবং কর্মক্ষেত্রগুলো বন্ধ থাকে। শিশুরা স্কুলে যেতে পারে না, বাসসহ অন্যান্য যানবাহন রাস্তায় চলাচল করতে পারেনা।’ 

এতে আরো বলা হয়, ‘এসব হরতালের ফলে আয় কমে, শিক্ষা কার্যক্রম ব্যহত হয়, এবং সাধারণ মানুষকে সামাজিক সেবাসমূহ থেকে বঞ্চিত হতে হয়।’

রিপোর্টে সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে কথা বলার সুযোগ না দেয়ার অভিযোগ তুলে বলা হয়, সংসদে বিরোধীদলকে একপেশে করে রাখা হয় এবং তাদের সামাজিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত করা হয়।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, ‘আজ বাংলাদেশের অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। গড়ে বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধির হার অবশ্য লাখ লাখ মানুষকে দারিদ্রদশা থেকে বের করে আনার একটি সম্ভাবনা হিসেবে দেখা যেতে পারে।’

তিনি বলেন, বাংলাদেশ যদি হরতালের কারণে সংঘঠিত অর্থনৈতিক ক্ষতি এড়াতে পারতো তাহলে এশিয়ার অন্যান্য দেশের মতো এদেশটিও ক্রমেই অগ্রগ্রতির দিকে ধাবিত হতে পারতো।’

রিপোর্টে বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনর্স্থাপিত হবার পর নাটকীয় ভাবেই হরতালের সংখ্যা বেড়ে যায়। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত সাত বছরে ৬৬১টি হরতাল কর্মসূচি পালিত হয়েছে। অথচ ১৯৪৭ থেকে ১৯৫৪ পর্যন্ত মোট সাত বছরে মাত্র ৬টি হরতাল কর্মসূচি পালিত হয়।

হরতালের কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারাচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হরতালের কারণে বাংলাদেশ প্রায়শঃই শিপমেন্ট মিস করছে এবং নতুন অর্ডার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

ইউএনডিপি’র একটি জনমত জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ মানুষই মনে করে হরতাল দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ৩০০০ ব্যক্তির ওপর পরিচালিত এ জরিপে আরো দেখা যায়, উত্তরদাতাদের ৫৫ শতাংশ মনে করে এসব হরতাল কর্মসূচি নীতি নির্ধারনী পর্যায়ে কোন ভুমিকা রাখতে অক্ষম। ৭০ শতাংশ মনে করেন হরতালের কোন গঠনমূলক বিকল্প খুঁজে বের করা প্রয়োজন। ৫৯ শতাংশ এ বিকল্প হিসেবে জনসমাবেশের আয়োজনের কথা বলেছেন এবং ৫১ শতাংশ মত দিয়েছেন সংসদে গঠনমূলক আলোচনার ওপর।

প্রতিবেদনে হরতালের দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী কিছু বিকল্প পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার, দলীয় সমর্থকদের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগদান বন্ধ করা, সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছরে কমিয়ে আনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন ইত্যাদি।

এছাড়াও রিপোর্টে সংসদের কার্যপ্রণালী বিধিতে পরিবর্তন এনে ১০ দিন ‘বিরোধী দলীয়’ দিন হিসেবে ঘোষণা দেয়া, সংসদের প্রথম অধিবেশনেরই সংসদীয় কমিটি গঠনের কাজ সম্পন্ন করা, এছাড়াও বিক্ষোভ প্রদর্শনের বিকল্প পদ্ধতি যেমন, মক ডেমোনস্ট্রেশন, প্রতিকী কর্মবিরতি, মানব বন্ধন, স্বাক্ষর অভিযান, গণ-প্রচারণা, পদযাত্রা, জনতার মঞ্চ ও গণমাধ্যমের ব্যবহারের পরামর্শ দেয়া হয়।