পোল্ট্রি শিল্প বিকাশে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রীর আহ্বান
আন্তর্জাতিক পোল্ট্রি মেলার উদ্বোধনকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পোল্ট্রি শিল্প বিকাশে আধুনিক ও সঠিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
এই শিল্পের আরও বিকাশের জন্য তিনি সুদূর প্রসারী পরিকল্পনা, গবেষণা ভিত্তিক জ্ঞান ও দক্ষ জনশক্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ১৯৯১-৯৬ শাসনামলের মতো এবারও আমাদের সরকার এই সেক্টরকে প্রাধান্য দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে, বেকারত্ব দূর করতে এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে পোল্ট্রি শিল্পের গুরুত্ব অপরিসীম।
দেশের পোল্ট্রি শিল্প যাতে বিদেশে রপ্তানিযোগ্য হয়, সেজন্য তিনি সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বাংলাদেশসহ ১৯ টি দেশের পোল্ট্রি কোম্পানি ২০০৫ সালের ৪র্থ আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় ১৪০ টি স্টল স্থাপন করেছে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এ্যাসোশিয়েশনের বাংলাদেশ শাখা (ডব্লিউপিএসএ-বিবি) মেলার আয়োজন করেছে।
স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা পোল্ট্রি শিল্পে সহজে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, সে ব্যাপারে তথ্য প্রচারের জন্য চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের এ যুগে মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় তার সরকার পোল্ট্রি ও কৃষি ভিত্তিক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকার বিশেষ আইন করে পোল্ট্রি শিল্পের রাজস্ব কর বাতিল করেছে এবং পোল্ট্রি মেশিনারি, যন্ত্রপাতি ও ঔষধ আমাদানিতে ট্যাক্স প্রত্যাহার করেছে।
তিনি আরও বলেন, কৃষি ভিত্তিক ও পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা যাতে দ্রুত ব্যাংক ঋণ নিতে পারেন, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তিন বিলিয়ন টাকা বরাদ্দ রেখেছে।
১৯৯২-৯৬ শাসনামলে দেশে এক লক্ষ ৫০ হাজারের বেশি পোল্ট্রি ফার্ম স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, ডব্লিউপিএসএ সচিব ড. পি’ট সিমন্স, ডব্লিউপিএসএ-বিবি’র সভাপতি মশিউর রহমান ও মেলার আহ্বায়ক এম মোরশেদ আলম।
