তাদের সমাধি হলো ভূমধ্যসাগরের নীল জলে
বড় ভাই লোটনের সাথে মোসাদ্দেক আর হিমেলের সর্বশেষ কথা হয় গত মাসের ১৪ তারিখে। স্পেন যাওয়ার লক্ষ্যে আলজেরিয়া সীমান্ত দিয়ে মরক্কোতে প্রবেশের আগে লোটনকে ফোনে মোসাদ্দেক জানায়, “ভাইয়া, ক্ষুধায় আমরা খুব কষ্ট পাচ্ছি। খাবার নেই। পানি নেই। সব সময় পুলিশের ভয়। পাসপোর্ট দালাল নিয়ে গেছে। দেশে ফেরারও উপায় নেই।”
যে ক্ষুধার ভয় তাড়া করছিলো দুই ভাইকে তার কাছেই নয় দিনের মধ্যে আত্মসমপর্ণ করতে হলো তাদের। এক দিনের ব্যবধানে মারা গেলো দুই ভাই। সমাধি হলো ভূমধ্যসাগরের নীল জলে।
নয় দিন অভুক্ত থাকার পর ফেব্র“য়ারির ২৩ তারিখে মারা যায় ছোট ভাই মোসাদ্দেক। তার পর হিমেল। প্রাণশক্তিহীন হিমেলের সামনেই সাগরে ফেলে দেওয়া হয় সহোদর মোসাদ্দেকের লাশ। পরদিনই হিমেল বিদায় নেয়।
প্রাণচাঞ্চল্যে ভরা ঢাকার দক্ষিণ কল্যাণপুরের ৩/৩ নম্বরের বাসায় এখন শোকের মাতম। দু’ পুত্রকে হারিয়ে স্বামীহারা বৃদ্ধা খোরশেদা বেগম পাগলপ্রায়। ছেলের শোকে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন তিনি।
দালালের খপ্পরে পড়ে মাছ ধরা নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে স্পেন যাওয়ার পথে ক্ষুধায় মৃত্যু বরণ করা ১১ বাংলাদেশীর মধ্যে মোসাদ্দেক ও হিমেলও রয়েছে। হতভাগ্য এই তরুণদের মধ্যে ১০ জনের লাশ ফেলে দেওয়া হয়েছ্ েসাগরে।
ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বাংলাদেশী তরুণ মিন্টু আলজেরিয়া থেকে গত ৭ মার্চ দুই সহোদরের পরিবারকে এ তথ্য জানায়। মিন্টু আলজেরিয়ার বোরো এলাকার সেন্ট্রাল হসপিটালে অপর অসুস্থ বাংলাদেশীদের সঙ্গে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
লোটন বিডিনিউজকে জানান, এই করুণ কাহিনী প্রথমে আল জাজিরা টেলিভিশনে প্রচারিত হয়। পরে স্পেনের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে সেখানে বসবাসকারী পরিচিত এক যুবক বলে তার আদরের ভাইরা আর বেঁচে নেই।
“তার কাছ থেকেই আমরা আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালের ফোন নম্বর সংগ্রহ করি। সেখানে ফোন করে মিন্টুর সাথে কথা বললে সে আমাদের বিস্তারিত জানায়।”
লোটন বলেন, দোহার ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মোস্তাক আহমেদ এবং তার দালাল রিয়াজুল ইসলাম রাজুর খপ্পরে পড়ে দুই ভাই স্পেনে যাওয়ার জন্য১২ লাখ টাকা দেয়। রাজু তাদের স্পেনে ইমিগ্রেশনের প্রতিশ্র“তি দেয়। ডিসেম্বরের ২৪ তারিখে কাতার এয়ারলাইন্সে অপর ২২ জনের সঙ্গে ট্যুরিস্ট ভিসায় তারা ঢাকা ত্যাগ করে।
লোটন জানান, প্রথমে তাদের বিমানপথে ঢাকা থেকে দুবাই হয়ে মালিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সড়ক পথে আলজেরিয়া দিয়ে মরক্কোতে প্রবেশ করলে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
পুলিশ তাদের আবার আলজেরিয়া সীমান্তে রেখে আসে। সেখান থেকে একটি মাছ ধরা নৌকায় দুই ভাইসহ ২৪ জনকে দালালরা তুলে দেয় একটি ইঞ্জিনচালিত মাছধরা নৌকায়। সাগর পাড়ি দিতে গিয়ে পথ হারিয়ে স্পেনে যাওয়ার পরিবর্তে উল্টো আলজেরিয়ার দিকে চলতে থাকে নৌকাটি। নয় ঘন্টা চলার পর এক সময় ফুরিয়ে যায় জ্বালানি এবং শেষ হয়ে যায় খাবার ও পানিও।
নয়দিন সাগরে ভাসতে থাকার পর না খেয়ে মোসাদ্দেকের মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর তাকে সাগরে ফেলে দেয়া হয়। লোটন আরও জানান, পরের দিন খাবার ও পানির অভাবে হিমেলও মারা যায়। তাকেও ফেলে দেয়া হয় সাগরে।
এভাবে পর্যায়ক্রমে আরও আট জনের মুত্যৃ ঘটলে তাদের একের পর এক পানিতে ফেলে দেয়া হয়। ২৫ ফেব্র“য়ারি আলজেরিয়ার নৌবাহিনীর হাতে ধরা পড়ে নৌকাটি। তাদের নিয়ে যাওয়া হয় আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালে। সেখানে মারা যায় আরও একজন।
পাঁচ ভাই আর ছয় বোনের মধ্যে সৈয়দ সামসুজ্জামান হিমেল তৃতীয় এবং সৈয়দ মোসাদ্দেক হোসেন চতুর্থ। দু’জনই টঙ্গী কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে।
লোটন জানান, স্পেনে যাওয়ার আগে দোহার ট্রাভেলসের মালিক মোস্তাক এই ২৪ জন যুবককে তার বসুন্ধরার ট্রাই-স্টার অফিসে নিয়ে নিয়ে বিস্তারিত ব্রিফিং দেয়। মোস্তাকের ২৪১/১ নম্বর বড় মগবাজারের বাসায়ও বিদেশে লোক পাঠানোর লেনদেন হয়। এই লেনদেন সাধারণত তার দালাল রাজুর মাধ্যমেই হয় বলে তিনি জানান।
ঘটনার পর থেকেই মোস্তাক এবং রাজু পলাতক রয়েছে।
