প্রথমবারের মত রয়েল বেঙ্গল টাইগারের আচরণ ও গতিবিধি পর্যবেক্ষণ
সুন্দরবনে প্রথমবারের মত রয়েল বেঙ্গল টাইগারের আচরণ পর্যক্ষেণের কাজ শুরু হয়েছে। বাঘের গলায় ‘রেডিও কলার’ সংযোজনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও গবেষণার পূর্নাঙ্গ যাত্রা শুরু হবে।
২৭ ফেব্র“য়ারি থেকে এর প্রাথমিক কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা একজন বিশারদের নেতৃত্বে দেশী বিদেশী বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে।
মার্কিন সংস্থা ইউএস ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন’র প্রায় ৬০ হাজার মার্কিন ডলার অনুদানের ভিত্তিতে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ওপর এই পূর্নাঙ্গ গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে।
রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশে দুবছর আগে বনবিভাগ প্রণীত ‘এ স্টাডি অন বিহেভিয়্যর এন্ড ইকোলজি অব টাইগারস ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই গবেষণা পরিচালিত হচ্ছে। প্রকল্পটির পরিচালক হিসেবে কাজ করছেন সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মোহাম্মদ মিজানুর রহমান।
রেডিও কলার পদ্ধতিতে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বাঘের প্রতি মুহুর্তের চলাচল ও আচার আচরণের তথ্য পাওয়া যাবে। এসব তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ ও বিশ্লেষণ করে বাঘের স্বভাব, গতি প্রকৃতি, চলাচলের এলাকা, শিকার, তাদের যৌন জীবনসহ বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
বর্তমানে গবেষক দলটি সুন্দরবনের পশ্চিম বিভাগের নীল কমল অভয়ারণ্যে স্বাস্থ্যবান জ্যান্ত গরু দিয়ে তৈরি ফাঁদের সাহায্যে বাঘ ধরার কাজ করছে। থাইল্যান্ড থেকে আসা একজন ফাঁদ নির্মাতা ওই এলাকায় বেশ কয়েকটি ফাঁদতৈরী করে দিয়ে গত শুক্রবার দেশ ত্যগ করেন।
প্রকল্পের মূখ্য গবেষক মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড স্মিথ এবং তার সহযোগী এ্যাডম বার্র্লোর নেতৃত্বে দলটি বাঘের আশায় সেখানে তাঁবু গেড়ে বসেছে। তিনি বন বিভাগের সংশ্লিষ্টদের হাতে-কলমে শিক্ষা দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, ‘পুরো ব্যাপারটি মাছের জন্য ছিপ ফেলে বসে থাকার মত। তবে কাজটি আমাদের করতে হবে, কারণ সুন্দরবনে এ ধরণের কাজের প্রয়োজন রয়েছে এবং তা আগে কখনও হয়নি।’
উল্লেখ্য, এতদিন বাঘের পায়ের ছাপ বিশ্লেষণ পদ্ধতিতে বাঘ পর্যবেক্ষণ করা হয়েছে। ২০০৪ সালের বাঘ শুমারী অনুযায়ী সুন্দরবনে ৪১৯টি পূর্ণবয়স্ক এবং ২১ টি শাবক বাঘ রয়েছে।
বর্তমানে রয়েল বেঙ্গলের খাদ্য তালিকায় শতকরা ৭৫ ভাগ হরিণ, ২গ ভাগ শুকর এবং পাঁচ ভাগ কাকড়া রয়েছে।
পর্যক্ষেণ প্রকল্পটি বাস্তবায়িত হলে রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের পাশাপাশি বংশ বিস্তারে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
