কন্ডোলিজা রাইস দক্ষিণ ও পূর্ব এশিয়ার ছয় দেশ সফর করবেন, কিন্তু ঢাকায় আসবেন না
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস আগামী সপ্তাহে দক্ষিণ ও পূর্ব এশিয়া সফরে আসছেন। তবে তিনি ঢাকায় আসছেন না। রাইস আগামী ১৪-২১ মার্চ দক্ষিন ও পূর্ব এশিয়া সফর করবেন। তিনি সাত দিনে ছয়টি দেশ সফর করবেন।
রাইস ঢাকায় আসছেন না বলে বৃহস্পতিবার নিশ্চিত করে বলেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্তারা।
এদিকে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র এক কর্মকর্তা বলেন, কন্ডোলিজা এ মাসের মাঝামাঝি সময়ে দক্ষিন এশিয়ায় আসছেন বলে তারা জানতে পেরেছেন।
তিনি বিডি নিউজকে বলেন, এ মূহুূর্তে রাইসের ঢাকা সফরের কোনও কর্মসূচি নেই। তবে অল্প সময়ের জন্য তিনি ঢাকায় আসতেও পারেন।
ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রিচার্ড বুচার বলেন, রাইস ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জাপান, কোরিয়া এবং চীন সফর করবেন।
তিনি বলেন, রাইস ভারতের সঙ্গে আমাদের পরিবর্তিত সম্পর্ক, আফগানিস্তানের পূনর্গঠন বিষয়ে আমাদের অব্যাহত অঙ্গীকার এবং পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ইত্যাদি ইতিবাচক বিষয়ে আলোকপাত করবেন।
সফরকালে তিনি ইরাক ও আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলবেন।
বুচার বলেন, ”এছাড়া তিনি আমাদের ছয়-পাক্ষিক কূটনৈতিক উদ্যোগ নিয়েও আমাদের সহযোগীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন।
পররাষ্ট্র্রমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর এশিয়ায় এটিই হচ্ছে রাইসের প্রথম সফর।
